আর জি করের ঘটনার প্রতিবাদে গত ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই মিছিলের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠেছে। এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।
জাতীয় মানবাধিকার কমিশনের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই ছাত্র সমাজের ডাকা শান্তিপূর্ণ মিছিলের উপর পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একাধিককে। এমনকি, গ্রেফতারের পরও তাদের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে মানবাধিকার কমিশন।
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, কোনও শান্তিপূর্ণ মিছিলের উপর কোনও বল প্রয়োগ করতে পারবে না রাজ্য। সুষ্ঠুভাবে সংঘটিত মিছিলকে বাধা বা মিছিলে পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। কিন্তু পুলিশের তরফে সেই নির্দেশ লঙ্ঘন করা হয়। নবান্ন অভিযানে বাধা থেকে শুরু করে মিছিলের উপর হামলা সবটাই করেছে পুলিশ। সেই কারণে এবার নোটিশ পাঠাল মানবাধিকার কমিশন। দু’সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিপি-কে।
প্রসঙ্গত, নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে কলকাতা ও হাওড়ায়। প্রথম থেকেই মিছিলের উপর জলকামান ছুঁড়তে থাকে পুলিশ। একের পর এক ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। লাঠিচার্জও হয়। পাল্টা পুলিশকেও আক্রমণ আন্দোলনকারীরা। জখম হয় উভয়পক্ষই। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হস্তক্ষেপকে ‘নৃশংস’ বলা হয়েছে। এর প্রেক্ষিতেই এক জনৈক ব্যক্তি অভিযোগ জানান জাতীয় মানবাধিকার কমিশনে।
সেই অভিযোগের ভিত্তিতেই নোটিশ পাঠাল কমিশন। বিনীত গোয়েলকে আগামী দু’দপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন নবান্ন অভিযানে পুলিশ কী কী পদক্ষেপ করেছিল, যে সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধেই বা কী কী পদক্ষেপ করা হয়েছে, তা অ্যাকশন টেকেন রিপোর্টের মাধ্যমে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে।





