পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী হবে নিট, জেইই: সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালতে মুখ পুড়ল বাংলার

পূর্বে ঘোষিত সূচি মেনেই হবে নিট (NEET) ও জেইই (JEE), স্থগিত করা হবে না কোনোভাবেই, রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বাংলা সহ ৬টি বিরোধীদল শাসিত রাজ্য সুপ্রিম কোর্টে গত আগস্ট মাসে মামলা করেছিল। শীর্ষ আদালত এর পূর্বে যে ঘোষিত সূচি মেনে নিট ও জেইই (মেন) পরীক্ষা আয়োজনের যে নির্দেশ দিয়েছিল তা স্থগিত করতে রিভিউ এর আবেদন জানায় এই ছয়টি রাজ্য।

আজ এই রাজ্যগুলির আবেদন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ এই আবেদন খতিয়ে দেখেই সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

সুপ্রিম কোর্ট থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না কারণ অতিমারির কারণে আমাদের একটা বছর নষ্ট করার কোনো মানে নেই।

কিন্তু এর বিরোধিতা করে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, পঞ্জাব, রাজস্থান,মহারাষ্ট্র ও ছত্তিশগড়। পড়ুয়াদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া উচিত নয় এই যুক্তি ইস্যুটির এক্তিয়ারমূলক ও সার্বিক বিচারবিভাগীয় স্ক্রুটিনি হতে পারে না বলে দাবি করে এই ছটি রাজ্য। যদিও শীর্ষ আদালত থেকে তাদের নিরাশ হয়ে ফিরতে হল। প্রসঙ্গত, জেইই পূর্বঘোষণা মতো ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলছে। নিট হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর।

RELATED Articles

Leave a Comment