নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্য উত্তাল। শাসক দলের একাধিক নেতাদের নাম জড়িয়েছে দুর্নীতিতে। এর পাল্টা আবার বামেদের বিরুদ্ধে চিরকুটের সুপারিশে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। বাম জমানায় নিয়োগ দুর্নীতির অভিযোগ ইমেল করে জানাতে বলা হয়েছে তৃণমূলের আইটি সেলের তরফে। এই নিয়ে এখন উভয় পক্ষই একে অপরকে তুলোধোনা করছে। এরই মধ্যে এবার সিপিএমের তরফে প্রকাশ করা হল ‘দুর্নীতির বর্ণপরিচয়’
আজ, শুক্রবার বেলা ১১টা নাগাদ এক নতুন হ্যাশট্যাগ প্রকাশ করেছে বামেরা। নাম #ChorTMC। এরই সঙ্গে নতুন বর্ণপরিচয়ও প্রকাশ করা হয়। তাতে স্বরবর্ণ ধরে ধরে নতুন নতুন স্লোগান লেখা হয়েছে। আর তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে রাজ্য়ের নেতা-মন্ত্রীর কার্টুন। বর্ণপরিচয়ে লেখা হয়েছে, “অ এ অজগর আসছে তেড়ে, লুঠের টাকা দিচ্ছে মেরে”। কোথাও আবার লেখা হয়েছে, “উট চলেছে মুখটি তুলে, মন্ত্রীরা সব যাচ্ছে জেলে”।
বামেরা বর্ণপরিচয়ে যে শুধু তৃণমূল নেতা-মন্ত্রীদের বিঁধেছে এমনটা নয়, সিপিএম নেতাকর্মী-জনতাকে ঘুরে দাঁড়ানোর ডাকও দিয়েছে তারা। বদলের ডাক দেওয়া হয়েছে। লেখা হয়েছে- “এ এই সুযোগেই পালটে ফেলো প্রতিস্পর্ধী আগুন জ্বালো। ঔ-ঔষধ নিয়ে হাজির আছে, লাল পতাকা রাত জাগছে”।
এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এই বর্ণপরিচয় সম্পর্কে বলেন, “চোর টিএমসি হ্যাশট্যাগকে সামনে রেখে বামপন্থীরা ও সমাজের অন্যান্য অংশের মানুষজন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন। তৃণমূলের স্বরূপ বাংলার মানুষের সামনে প্রত্যেকদিন নতুন নতুনভাবে প্রকাশিত হয়ে চলেছে। বালি, চাকরি, শিক্ষা, আবাস যোজনা, একশো দিনের কাজ… সবক্ষেত্রেই তৃণমূলের গত ১২ বছরের শাসনকালে দুর্নীতি হয়েছে”।
তবে শুধুমাত্র বর্ণপরিচয়ই নয়, বামেদের তরফে chortrinamool@gmail.com নামে একটি ইমেল আইডিও চালু করা হয়েছে। এর মাধ্যমে শুধুমাত্র চাকরি ক্ষেত্রই নয়, নানান ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করা যাবে বলে জানানো হয়েছে। এই ক্যাম্পেনের নাম ‘চোর তাড়ান, গলার জোর বাড়ান’।
তবে বামেদের এই ডিজিটাল প্রচার কর্মসূচির বেশ কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই বিষয়ে বলেন, “এটাকে বলে দেখে শেখা। নিজের মাথায় কিছু নেই, অন্যের দেখে শেখা। আমরা দুর্নীতি করতে আসিনি, হাজার হাজার শহিদের রক্ত দিয়ে বাংলাকে আমরা আর একবার স্বাধীন করেছিলাম সিপিএমের হাত থেকে। আমরা মানুষের সেবা করতে এসেছি”।
অন্যদিকে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, “ওদের মাথায় ঘিলু নেই। আমাদের নকল করছে। আগে খেলা হবে স্লোগান নিজেদের ব্যবহার করেছে। এবার ইমেল আইডিও নকল করল”।





