‘হিন্দুরা হামলা করেনি, ওরা বোমা মারতে পারে না, বিজেপিই আসল নাটের গুরু’, রামনবমীতে হাওড়ায় অশান্তি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

রামনবমীতে হাওড়ায় অশান্তি পাকানো হামলাকারীদের উদ্দেশে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সমস্ত নাটের গুরুদের দিকে নজর রাখা হচ্ছে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই অশান্তির ঘটনায় বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন যে আজ, শুক্রবার পবিত্র নমাজের পর হাওড়ায় ফের কিছু অঘটন ঘটতে পারে। মুসলিমদের উদ্দেশে শান্তি বজায় রাখার বার্তা দেন মমতা। আর তাঁর আশঙ্কাই যেন সত্যি হল। স্থানীয় সূত্রে খবর, এদিন নমাজ শেষের পর ফের নতুন করে অশান্তি শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

রামনবমীর সন্ধ্যেয় অশান্তি হয় হাওড়ায়। বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে কড়া মনোভাব পোষণ করেছেন মুখ্যমন্ত্রী। আজ, শুক্রবার সকালে এই ঘটনা প্রসঙ্গে তাঁর বার্তা, “কোনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনা ঘটাতে পারে না। ওদের রমজান চলছে। ওরা কোনও অন্যায় করেনি। হিন্দুরাও এধরনের কাজ করতে পারে না। সরাসরি হামলা হয়েছে। এই হামলা ডাকাতরা করে”।

এই ঘটনায় বিজেপিকেই দায়ী করেছেন মমতা। তিনি জানান, “বিজেপির অনেক শাখা রয়েছে। ওরাই পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটিয়েছে”। মমতা আরও বলেন, “একমাস আগে পরিকল্পনা করেছে ওরা। সেটা জানতে পেরেছি। যারা হামলা চালিয়েছে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করব আমরা। এনিয়ে আমরা আগেই আইন করে ফেলেছি”।

এদিন তিনি এও স্পষ্ট করে দেন যে রামনবমীর মিছিলের অনুমতি দেয় নি পুলিশ। তিনি বলেন, “পুলিশ মিছিলের অনুমতি দেয়নি, সেটা আমাকে জানানো হয়েছে। হামলার জন্যই পরিকল্পিতভাবে মিছিলের রুট বদল করা হয়েছে। তবু যারা অস্ত্র নিয়ে মিছিল করেছে, তাদের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে”।

এর পাশাপাশি প্রশাসনের উদ্দেশে বার্তা দিয়ে মমতা বলেন, “প্রশাসন ভাল কাজ করে। কিন্তু পুলিশের কেউ কেউ একটু ভয় পাচ্ছে। পুলিশের কাজে শৈথল্য আছে। পুলিশের উচিত ছিল গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া”।

আরও অন্যান্য খবর