লকডাউনের দ্বিতীয় ধাপে রাজ্যে একাধিক ক্ষেত্রে ছাড় ও শিক্ষাক্ষেত্র নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা সংক্রমন রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ই এপ্রিলে দ্বিতীয় দফার লকডাউনের নির্দেশ জারি করেন, যা চলবে ৩ রা মে পর্যন্ত। এর আগে ২৪শে মার্চ থেকে ১৪ই এপ্রিল অবধি প্রথম দফার লকডাউন জারি ছিল দেশজুড়ে।

এই দ্বিতীয় ধাপের লকডাউনে মানুষের স্বার্থে কিছু ক্ষেত্রে ছাড় দিল রাজ্য সরকার। বুধবার সাংবাদিক সম্মেলন করে সেকথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি ও ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। লকডাউনের থেকে ছাড় রয়েছে একশো দিনের কাজের ক্ষেত্রেও।

এদিন রাজ্য সরকার যে যে ক্ষেত্রে ছাড় ঘোষণা করলেন তার একটা তালিকা নীচে দেওয়া হলো-

১. গ্রামীণ শিল্প ও ছোটো শিল্পতালুক চালু করা যেতে পারে।
২. তবে প্রত্যেক কাজের ক্ষেত্রে ১৫ শতাংশ শ্রমিককেই কাজে লাগাতে হবে তার বেশি নয়।
৩. রাজ্যের সব কটি জুটমিলে কাজ শুরু করা যেতে পারে, তবে সেক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলতে হবে।
৪. ডেপুটি সেক্রেটারি স্তরের আধিকারিকরা তত্ত্বাবধানে থাকবেন।
৫. ২০শে এপ্রিলের পর একশো দিনের কাজ শুরু করা যেতে পারে।
৬. ভিন রাজ্যের শ্রমিকদের ৩-৪ দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে।
৭. তবে আইসিডিএস সেন্টার ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু শিল্পক্ষেত্রে নয় শিক্ষাক্ষেত্রেও বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী

১. মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে কিন্তু উচ্চ মাধ্যমিক বাকি রয়েছে। উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা জুন মাসে করা হবে।
২. একাদশ শ্রেণির সব ছাত্রছাত্রীদের পাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩. কলেজ পড়ুয়ারা শুধু ফাইনাল সেমিস্টার-এর পরীক্ষা দেবে।
৪. কলেজ, বিশ্ববিদ্যালয়ের একটা করে সেমিস্টার এগিয়ে দেওয়া হবে।

এছাড়াও করোনা নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি পরিসংখ্যান দেন মুখ্যমন্ত্রী। এরাজ্যে বর্তমানে করোনা আক্রান্ত ১৩২ জন যার মধ্যে মৃতের সংখ্যা ৭। রাজ্যে সরকারি কোয়ারেন্টিন সেন্টারে রয়েছেন ৪১৫৭ জন এবং
হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩৭,৬৯১ জন। এখনও পর্যন্ত ৪২ জন সুস্থ হয়েছেন এবং নতুন করে আক্রান্তের সংখ্যা ১৭ জন।

এদিন মুখ্যমন্ত্রী আবারও রাজ্যবাসীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক জানিয়ে দেন। মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “অনেকেই বলছেন রাজ্য মৃতের সংখ্যা গোপন করছে সরকার। কিন্তু অনেকেই হাসপাতালে আসছেন শেষ পর্যায়ে আবার অনেকেই অন্য কঠিন রোগে আক্রান্ত, তাঁদের অনেকক্ষেত্রে বাঁচানো সম্ভব হচ্ছে না।” কিন্তু করোনা নিয়ে অনেকে ভুল তথ্য রটানো হচ্ছে। মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন অনেকে। করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ালে গ্রেফতার করা হবে বলেও তিনি জানান। বরদাস্ত করা হবে না কোনও রাজনীতি। তিনি বিরোধী নেতাদের উদ্দেশ্যে বলেন যে, আমাদের উচিৎ এখন একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করা।

RELATED Articles

Leave a Comment