কলেজে ভর্তির প্রক্রিয়ায় বড় বদল, পুরনো নিয়মকে টাটা, এবার নয়া পদ্ধিতে আবেদন করতে হবে কলেজে ভর্তির জন্য

এক দশকের ভাবনাচিন্তা এবার বাস্তব রূপ পেল। অবশেষে রাজ্যে চালু হল কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টাল। এবার থেকে স্নাতক স্তরে ভর্তির জন্য ব্যবহার করতে হবে এই কেন্দ্রীয় পোর্টাল। ভর্তির ক্ষেত্রে কোনওরকমের অস্বচ্ছতা এড়ানোর জন্যই এই পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর। আজ, বুধবার এই পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

প্রায় এক দশক আগে কেন্দ্রীয়ভাবে কলেজে পড়ুয়াদের ভর্তির বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছিল রাজ্য সরকার। এবার গিয়ে না বাস্তবায়িত হল। এদিন এই কেন্দ্রীয় পোর্টালের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে যাতে সবরকম স্বচ্ছতা ঞ্জায় থাকে, সেই কারণেই এই পোর্টাল।

এই পোর্টালের ফলে কলেজে ক্লাস শুরুর আগে কলেজে আসতে হবে না কোনও পড়ুয়াকে। কোনও ছাত্র পরিষদ বা কোনও হেল্প ডেস্কের সাহায্যও নিতে হবে না পড়ুয়াকে কলেজে ভর্তির জন্য। এমনটা হলে কলেজে ভর্তির ক্ষেত্রে অস্বচ্ছতা এড়ানো সম্ভব হবে।

জানা গিয়েছে, এই পোর্টালের মাধ্যমে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে স্নাতক স্তরে ৭২১৭টি কোর্সে ভর্তি করা হবে। তবে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, সংখ্যালঘু কলেজ, বিএড কলেজে ভর্তি হওয়া যাবে না। আবার কিছু কিছু কোর্স যেমন ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, ক্রাফ্টস, নৃত্য, সঙ্গীত কলেজের কোর্স/প্রোগ্রামে ভর্তির জন্যও এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন না পড়ুয়ারা।

কী কী থাকছে এই পোর্টালে?

১) প্রতিষ্ঠান ভিত্তিক, কোর্স ভিত্তিক মেধা তালিকা এক‌ই দিনে প্রকাশিত হবে।

২) পড়ুয়ারা নিজেদের আবেদন করা কোর্সের মেরিট র‌্যাঙ্ক ড্যাশবোর্ডে দেখতে পাবেন।

৩) একজন পড়ুয়ার জন্য একটি আসন‌ই বরাদ্দ। পোর্টালের মাধ্যমে গোটা রাজ্যের স্নাতক স্তরের কোর্স সংক্রান্ত তথ্য সব এক জায়গাতেই পাবেন পড়ুয়ারা।

৪) কোনও পড়ুয়া যদি কোন‌ও বিষয় বাছাইয়ের পর সেই বিষয় আপগ্রেড করতে চান, তাহলে তাও করা যাবে এই পোর্টালের মাধ্যমে।

৫) আপগ্রেডেশনের পর বিষয় ভিত্তিক অতিরিক্ত ফি ছাড়া অন্য কোন‌ও টাকা লাগবে না।

৬) ২৪ জুন থেকে গৃহীত হবে আবেদনপত্র।

৭) প্রথম পর্যায়ে ভর্তির আবেদনের শেষ তারিখ ৭ জুলাই।

৮) ভর্তি সংক্রান্ত টোল ফ্রি নম্বর ১৮০০১০২৮০১৪

জানা গিয়েছে, এই পোর্টালের মাধ্যমে একজন পড়ুয়া সর্বোচ্চ ২৪টি বিষয়ে আবেদন করতে পারবেন। প্রথম দফায় ভর্তির পর যদি কলেজে আসন ফাঁকা থাকে, তাহলে দ্বিতীয় পর্যায়ে ভর্তি শুরু হবে। বিনামূল্যেই করা যাবে আবেদন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles