গত বছর লকডাউনের সময় ট্রেন্ড ছিল ‘চা খেতে এসেছি, আড্ডা মারতে নয়’, ‘আমরা কি চা খাব না, খাব না আমরা চা’। এবার লকডাউনে ট্রেন্ড সেরকমই কিছু তবে একটু আলাদা। এবারে চায়ের জায়গায় এসেছে মিষ্টি।
আসলে, সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, এক ব্যক্তি করোনার লকডাউনের মধ্যেও রাস্তায় বেরিয়েছেন আর তাঁকে পুলিশকর্মী আটকাতেই তিনি নিজের গলায় ঝোলানো প্ল্যাকার্ড দেখালেন। তাতে লেখা, ‘মিষ্টি কিনতে যাচ্ছি’। এই প্ল্যাকার্ড দেখেই তুমুল চটলেন পুলিশ। ‘ইয়ার্কি হচ্ছে’ বলে বেজায় ধমক দিলেন। গোটা এই ঘটনা হাসির খোরাক জুগিয়েছে নেটিজেনদের মধ্যে।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা মিষ্টির দোকান। বাকী বাজার-দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলার নির্দেশ দিলেও মিষ্টির দোকান এতক্ষণ কেন খোলা রাখা হবে, এই নিয়ে প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় সমালোচনা।
তবে, এর ব্যাখ্যাও দিয়েছেন নেটিজেনদেরই একাংশ। তাঁদের কথায়, দুগ্ধ শিল্পকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত। কারণ লকডাউনেও দুধের সরবরাহ জারি থাকবে। আর পশ্চিমবঙ্গে দুধে সিংহভাগই মিষ্টির দোকানে ছানার জন্য ব্যবহার করা হয়। হঠাৎ তা বন্ধ হয়ে গেলে ধসে পড়বে ডেয়ারি শিল্প। প্রচুর দুধ নষ্ট হবে।
তবে যাই হোক, ভিডিওটি দেখে সকলেই বেশ মজা পেয়েছেন। জানা গিয়েছে, ভিডিওটি সম্ভবত চন্দননগর স্ট্র্যান্ডে তোলা।
অনেকের মতে, ভিডিওটি এত সামনে থেকে যখন করা হয়েছে, এটি ভাইরাল হওয়ার জন্য ইচ্ছাকৃত অভিনয়ও হতে পারে। তবে, সে যাই হোক, ভিডিওটি যে বেশ মজার, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অনেকেই আবার এই লকডাউনের সময় ‘চা-কাকু’দের মনে করছেন। এই মিষ্টি ও চা, এই দুই মিলিয়ে মিম বানানোও শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।





