ষাটের ঊর্ধ্বদের টিকা নেওয়ার জন্য কোনও স্লট বুকিং করতে হবে না, জানাল কলকাতা পুরনিগম

ষাটের উর্দ্ধ ব্যক্তিদের জন্য সুখবর। আগামীকাল, সোমবার থেকে কলকাতা পুরনিগমের ১৪৪টি স্বাস্থ্যকেন্দ্রে শুরু হচ্ছে টিকাকরণ প্রক্রিয়া। এইজন্য ষাটের ঊর্ধ্ব ব্যক্তিদের কোনওরকম স্লট বুক করতে হবে না। কলকাতা পুরনিগমের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
রাজ্যে চলছে লকডাউন। আর এরই মধ্যে কলকাতায় টিকাকরণের পরিসর আরও বাড়ানো হচ্ছে। তাই পুরনিগমের তরফে জানানো হয়েছে, কোনওরকম স্লট বুক না করেই সোমবার থেকে টিকা নিতে পারবেন ষাটোর্ধ্বরা। সকাল ন’টা থেকে দুপুর একটা পর্যন্ত টিকা প্রদান করা হবে। সেইসঙ্গে দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত ৪৫ বছরের ঊর্ধ্বে নাগরিকরা টিকা পাবেন l

আরও পড়ুন:টিকা মুড়ি-মুড়কি নয় সময় লাগে উৎপাদন করতে! বিরোধীদের প্রমান দেখিয়ে জবাব দিল কেন্দ্র

হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে টিকার স্লট বুক করা যাবে, এমনটাই জানিয়েছে কলকাতা পুরনিগম।
যারা সুপার স্প্রেডার অর্থাৎ যে সমস্ত মানুষ বেশি সংখ্যায় অন্যান্যদের সংস্পর্শে আসে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে নেই আয়া বা পরিচারিকা। তবে বিশেষজ্ঞদের মতে, আয়া বা পরিচারিকা, নিরাপত্তারক্ষীরা অনেক মানুষের সংস্পর্শে আসেন, এই কারণে তাদেরও টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতা পুরনিগমের পক্ষ থেকে।

আরও পড়ুন:চীনের গবেষণাগার থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি, চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞদের

গতকাল, শনিবার ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, “সকলের জন্য করোনার টিকা ব্যবস্থা করতে চাইছে পুরনিগম। তারইমধ্যে আয়া, নিরাপত্তারক্ষী, পরিচারিকাদের করোনা টিকা প্রদানের বিষয়টিও দেখা হচ্ছে। তা নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে প্রস্তাব পাঠানো হবে”।

এর পাশাপাশি ফিরহাদ হাকিম জানান, করোনা মোকাবিলায় পুরনিগম ভালো কাজ করছে। সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সেফ হোম গুলিতেও নতুন রোগীর সংখ্যা কমছে। অক্সিজেন পার্লারে চাহিদা কমছে। আপাতত, টিকাকরণের উপরেই জোর দিচ্ছে কলকাতা পুরনিগম।

RELATED Articles