ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ! ভোটের আগে লকডাউন হবে না বঙ্গে! বিভ্রান্ত না হওয়ার নির্দেশ নবান্নের

দেশজুড়ে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ঊর্ধ্বমুখী হচ্ছে বাংলার গ্রাফ। দেশের বেশ কয়েকটি রাজ্যে ফের খেপে খেপে লকডাউনের ঘোষণা হয়েছে।

এরইমধ্যে বাংলা সহ দেশের পাঁচ রাজ্যে নির্বাচন। চলতি বছরের মধ্যে গতকাল রবিবারই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক। রবিবার রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২২ জন। চলতি বছরের গত আড়াই মাসের মধ্যে এটাই রেকর্ড। অর্থাৎ একদিন এতো বেশি জন আক্রান্ত এর আগে একুশ সালে আর হয়নি। এরইমধ্যে সোশ্যাল সাইটে খবর ছড়াতে শুরু করে  কলকাতায় বা গোটা রাজ্যে লকডাউন হবে।  তবে এই খবর যে সম্পূর্ণ ভিত্তিহীন তা আজ জানিয়ে দিল রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন।

নবান্নের শীর্ষ সূত্রে এদিন বলা হয়েছে, এমন কোনও সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও এমন কোনও পরামর্শ এখনও পর্যন্ত দেয়নি। এই ধরনের ভুয়ো খবরে কেউ যেন বিভ্রান্ত না হন তারই পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? 

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর আজকের দিনেই তথা ২২ মার্চ দেশজুড়ে জনতা কার্ফু হয়েছিল। তার পর থেকে দীর্ঘ দিন ঘরবন্দি জীবন। লকডাউনের ভুয়ো খবর ছড়াতেই অনেকে উৎকণ্ঠায় পড়েছেন। তা ছাড়া নবম শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন স্কুলে ক্লাস শুরু হয়েছে। ৫ মে সিবিএসই বোর্ডের পরীক্ষা রয়েছে। তা অনিশ্চিত হয়ে যাবে কিনা তা নিয়েও ধন্দে পড়ে গেছেন অনেকে।

আরও পড়ুন- সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি বিজেপির, কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী, ওবিসিদের জন্য ঢালাও সংকল্প গেরুয়া শিবিরের

কিন্তু নবান্নের শীর্ষ এক আমলা সোমবার বলেন, “যারা লকডাউনের ভুয়ো খবর ছড়াচ্ছে তারা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছে।” তাঁর কথায়, “লকডাউন যাতে না করতে হয় সে জন্যও মানুষকে দায়িত্বশীল হতে হবে। কোভিডের টিকাকরণ প্রক্রিয়া চলছে। গোটা জনসংখ্যার হিসাবে এখনও পর্যন্ত খুব কম সংখ্যক মানুষকেই টিকা দেওয়া সম্ভব হয়েছে। ফলে সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাতের পরিচ্ছন্নতা বজায় রাখা ইত্যাদি এখনও কঠোর ভাবে মেনে চলা দরকার। যা অনেকেই করছেন না। সেই কারণেই কোভিডের সংক্রমণ নতুন করে বাড়ছে।”

RELATED Articles