পুজো কাটবে শুকনোই, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, ঘটবে ঋতুবদল, জানাল আবহাওয়া দফতর

আর মাত্র দেড় সপ্তাহ পরই দুর্গাপুজো। দিকে দিকে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। গত কয়েকদিনের কালো মেঘ কাটিয়ে এখন আকাশেও দেখা মিলেছে বেশ ঝকঝকে রোদের। পরিষ্কার শরতের আকাশ কার না ভালো লাগে! এরই মধ্যে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব ভারত থেকে বিদায় নিতে শুরু করেছে বর্ষা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এই সপ্তাহে আর বৃষ্টির সম্ভাবনা নেই।

বিদায় নিচ্ছে বর্ষা

হাওয়া অফিস জানাচ্ছে, বাংলাদেশের উপর দিয়ে সিকিম থেকে ওড়িশা পর্যন্ত উত্তর-দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। আর অন্য একটি্তঅক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে দক্ষিণের তামিলনাড়ু পর্যন্ত। এটি আবার তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত। লখনউ-নাগপুর-পুনে হয়ে আলিবাগ পর্যন্ত বর্ষা বিদায় রেখা বিস্তৃত হয়েছে। ইতিমধ্যেই পূর্ব ভারতের রাজ্যগুলি থেকেও বর্ষা বিদায় নিতে শুরু করে দিয়েছে বলে জানাল আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও আর্দ্রতাজনিত কারণে বজায় থাকবে অস্বস্তি। আগামী তিন-চারদিন আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে জলীয় বাষ্প কমবে।

ধীরে ধীরে শুকনো হবে আবহাওয়া। আজ, মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫০ থেকে ৯৩ শতাংশ।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়, জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles