ছেঁড়া জিন্স-স্লিভলেস পোশাক পরে ঢোকা যাবে না পুরীর জগন্নাথ মন্দিরে, পোশাক বিধি চালু করল মন্দির কর্তৃপক্ষ

সেবায়তদের জন্য অনেক আগেই চালু হয়েছিল এই নিয়ম। এবার দর্শনার্থীদের জন্য চালু হল পোশাক বিধি। এবার থেকে আর ছেঁড়া জিন্স, বারমুডা, স্লিভলেস পোশাক পরে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা, এমনটাই জানাল মন্দির কর্তৃপক্ষ। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সভ্য পোশাক পরে প্রবেশ করতে হবে মন্দিরে।

কী জানাচ্ছে মন্দির কর্তৃপক্ষ?

সূত্রের খবর, গতকাল, সোমবার পুরীর জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটি একটি বৈঠক করে। সেই বৈঠকেই স্থির হয় যে এবার থেকে আর অশালীন পোশাক পরে ঢোকা যাবে না জগন্নাথ মন্দিরে। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে ভক্তদের জন্য এবার তাই পোশাক বিধি চালু করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

এই বিষয়ে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান রঞ্জন কুমার দাস বলেন, “মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যবশত, অনেককে অন্যের ধর্মের ভাবাবেগের তোয়াক্কা না করেই মন্দিরে প্রবেশ করেন”।

অশালীন পোশাক বলতে কী বলা হয়েছে?

অশালীন পোশাক নিয়ে ব্যাখ্যা দিয়ে রঞ্জন কুমার দাস বলেন, “অনেককে দেখা যায়, ছেঁড়া জিন্স (টর্ন জিন্স) প্যান্ট, স্লিভলেস ড্রেস এবং হাফ প্যান্টের মতো পোশাকে যেমন সমুদ্র সৈকত বা পার্কে হাঁটাচলা করেন, তেমন ভাবেই মন্দিরে প্রবেশ করেন। মন্দির হল ঈশ্বরের বাসস্থান, বিনোদনের জায়গা নয়”।

কী ধরণের পোশাক পরে প্রবেশ করা যাবে মন্দিরে?

শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান জানান, শাড়ি, সালোয়ার কামিজের মতো শালীন পোশাক পরেই প্রবেশ করতে হবে জগন্নাথ মন্দিরে। শুধুমাত্র ১২ বছরের নিচের শিশুরা হাফপ্যান্ট পরে মন্দিরে প্রবেশ করতে পারে কিন্তু প্রাপ্ত বয়স্করা নয়। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে কার্যকর হবে এই নতুন পোশাক বিধি।

প্রসঙ্গত, দেশ-বিদেশের নানান প্রান্ত থেকে ভক্তরা জগন্নাথ মন্দিরে আসেন। অনেকেই জিন্স-টপের মতো পোশাক পরে মন্দিরে যান। মন্দির কর্তৃপক্ষের মতে, এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। মন্দিরে পোশাক বিধি লাগু এটাই প্রথমবার নয়। এর আগেই দক্ষিণ ভারতের একাধিক মন্দির, মথুরায় রাধারানি মন্দির ও কেদারনাথ মন্দিরে পোশাক বিধি জারি করা হয়েছে।

RELATED Articles