পুর নিয়োগ দুর্নীতিতে এতদিন পর্যন্ত নানান তৃণমূল নেতা-মন্ত্রীর বাড়ি তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এবার আর তৃণমূল নয়, বরং বিজেপি বিধায়কের বাড়ি হানা সিবিআইয়ের। রাণাঘাটের উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছল সিবিআইয়ের ৮ সদস্যের প্রতিনিধি দল। তাঁর বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী।
বিগত কয়েকমাস ধরেই পুর নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ তৎপর হয়েছে ইডি-সিবিআই। একাধিক পুরসভায় অভিযান চালানো হচ্ছে। প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। সেই সূত্র ধরেই সপ্তাহের প্রথমদিনের সকালেই রাণাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়ি হানা দেয় সিবিআই।
জানা গিয়েছে, বিজেপি বিধায়কের বাড়ি ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় জওয়ানরা। বাড়ির ভিতর তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে আবার উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে খবর। আবার ডায়মন্ড হারবারে পৌঁছেছে সিবিআইয়ের একটি টিম।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় ইডি। পুর নিয়োগ দুর্নীতিতে চলে তল্লাশি অভিযান। প্রায় সাড়ে ১৯ ঘণ্টা ধরে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বেশ কিছু নথি সংগ্রহ করেছেন তারা, এমনটাই খবর।
শুধু তাই-ই নয়, গতকাল, রবিবাসরীয় সকালে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে তল্লাশি। এই অভিযান নিয়ে ফিরহাদ বেশ ক্ষোভ উগড়ে দিলেও, মদনকে বেশ খোশ মেজাজেই দেখা যায়। এদিন বিকেলে আবার রাজভবনের সামনে তৃণমূলের ধর্না মঞ্চেও গিয়েছিলেন তিনি।





