অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষপর্যন্ত রাজভবনে মুখোমুখি হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। এছাড়াও পুরভোট সম্পর্কিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য।
জানা গিয়েছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে রাজ্য নির্বাচন কমিশনারকে পঞ্চ নির্দেশিকা ধরিয়েছেন রাজ্যপাল। এই পাঁচটি নির্দেশ হল – ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতির যেন পুনঃরাবৃত্তি না ঘটে, কোনওরকম হিংসাত্মক ঘটনা যেন না ঘটে, বিরোধীদের সঙ্গে কথাবার্তা বলার পর শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ স্থির করা ও সাংবিধানিক আইন যেন লঙ্ঘিত না হয় সেদিকে নজর রাখা।এদিনের বৈঠকে নির্বাচন কমিশনার রাজ্যপালকে জানিয়েছেন, আগামী ৪ মার্চ পুরভোট নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নং ২৪৩(৩) মেনে কী কী পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করা হয়েছে সৌরভবাবুকে। এছাড়া ভোটের দিনক্ষণ স্থির করা নিয়ে কমিশনকে রাজ্যপাল নির্দেশ দিয়েছেন, বিরোধীদের সঙ্গেও যেন এবিষয়ে আলোচনা করা হয়। তাদের মতামতও গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, আগামী ১২ এপ্রিল কলকাতা ও হাওড়ায় পুরভোটের ইচ্ছা প্রকাশ করেছে রাজ্য। এদিকে ১২ তারিখের বদলে ২৪ তারিখে ভোট করার দাবিতে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এরই মাঝে অশান্তি এড়াতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পুরভোট নিয়ে বৈঠক সারলেন রাজ্যপাল ও নির্বাচন কমিশনার। এখন দেখার বিষয় যে কবে পুরভোটের দিন চূড়ান্ত করা হয়। তবে দিন স্থির না হলেও আসন্ন পুরভোটে রাজ্যপাল সকল ভোটারকে নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক ভোটটি প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।





