‘অযোগ্য শিক্ষক দেশের সর্বত্র রয়েছেন, আগেও ছিলেন, শিক্ষকতার পেশায় অনেকরকম ঘাটতি আছে’, নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য নোবেলজয়ী অভিজিতের

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) কিছুদিন আগেই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। সেই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়। এসবের মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly) প্রশ্ন রেখেছিলেন যে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদরা কী ভাবছেন? এবার এই নিয়ে কথা বললেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Nobel Laureate Abhijit Binayak Banerjee)।

প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ উত্তেজনা রয়েছে। এই দুর্নীতিতেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দফতরের একাধিক আধিকারিক বর্তমানে নিয়োগ দুর্নীতির জেরে হেফাজতে রয়েছেন। সেই ইস্যু নিয়ে অর্থনীতিবিদরা কী বলছেন, এমনই জানার আগ্রহ দেখালেন এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়।

গতকাল, বুধবার একটি মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “নোবেলজয়ীরা স্কুলের নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলছেন? অমর্ত্য সেন রয়েছেন, যিনি প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন। রয়েছেন আর এক নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়”।

বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও প্রশ্ন তোলেন, “স্কুলে নিয়োগে দুর্নীতিতে এই স্বীকৃত শিক্ষাবিদদের বক্তব্য কী? ওঁরা তো আরও অনেক বিষয়ে বলেন, তাই এটা নিয়েও কিছু বলেন কি না, সেটা জানতে চাইছিলাম”।

এই বিষয় নিয়ে সরাসরি মুখ না খুললেও সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনও পর্যন্ত যেহেতু এ বিষয়ে সিবিআইয়ের তদন্ত চলছে, তাই আমি এখনই কিছু বলতে পারব না। এমনকী বলার কোনও কারণও নেই। আর আমি ব্যক্তিগতভাবে এ নিয়ে কোনও চর্চাও করি না। তাই এ বিষয়ে কথা বলাটা দায়িত্বহীনতার পরিচয় দেওয়া হবে”।

তাঁর আরও মত, “অযোগ্য শিক্ষক বরাবরই ছিল। তাঁদের মধ্যে অনেকেই আমাকে স্কুলে পড়িয়েছেন। সেই সমস্ত শিক্ষকদের কিছু প্রশ্ন করলেই চড় মারতেন। অযোগ্য শিক্ষক আমাদের গোটা দেশে সর্বত্রই রয়েছেন। আমার ঠাকুরদাদার বাবা শিক্ষক ছিলেন, ঠাকুরদা শিক্ষক ছিলেন, আমার বাবা শিক্ষক ছিলেন, আমিও শিক্ষক। কিন্তু শিক্ষকতার এই পেশায় কতরকম যে ঘাটতি আছে! তাই এখন হয়েছে, আগে কোনওদিন ছিল না… এটা একটা অদ্ভুত গল্প”।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অর্মত্য সেন সম্প্রতি যে মন্তব্য করেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে, বিষয়টি এড়িয়েই যান অভিজিৎবাবু। তাঁর স্পষ্ট জবাব, “এই আলোচনাতেও আমার ঢোকার কোনও কারণ নেই”।

আরও অন্যান্য খবর