করোনা আতঙ্কের মাঝেই মধ্যবিত্তদের সামান্য স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের দাম কমল ভারতীয় বাজারে। লকডাউনের জন্যে ইতিমধ্যেই গ্যাস সরবরাহ নিয়ে সমস্যা হওয়ায় সাধারণ মানুষের মনে কিছুটা হলেও ক্ষোভ তৈরি হয়। এর মাঝেই রান্নার গ্যাসের দাম কমায় কিছুটা খুশি সাধারণ মানুষ।
বর্তমানে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি (১৪.২ কেজি) ৬৫ টাকা কমে হয়েছে ৭৭৪ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, ১৯ কেজি সিলিন্ডারের দাম ১০১.৫০ টাকা কমে হয়েছে ১৩৪৮.৫০|
যদিও রান্নার গ্যাসের দাম কমলেও দেশে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। নোভেল করোনা ভাইরাস করোনা সংক্রমণের উদ্ভূত পরিস্থিতির জেরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ১ টাকা করে বাড়িয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১ টাকা ১ পয়সা বেড়ে হয়েছে ৭৩ টাকা ৩০ পয়সা। আর ডিজেলের দাম লিটার প্রতি ১ টাকা বেড়ে হয়েছে ৬৫ টাকা ৬২ পয়সা। রান্নার গ্যাসের দাম কমায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তারা।





