Weather update : দার্জিলিং-কালিম্পংয়ে ধসের আশঙ্কা, কলকাতায় ৩৭ ডিগ্রি গরম! বাংলার দুই প্রান্তে বিপরীত আবহাওয়ার জের!

রাজ্যের একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে গরমে হাঁসফাঁস জনজীবন। উত্তরবঙ্গে বর্ষা ঢুকতেই শুরু হয়েছে অঝোর বৃষ্টি, ধসের আতঙ্ক। আর দক্ষিণবঙ্গে নিম্নচাপ কেটে যেতেই ফিরে এসেছে তাপপ্রবাহ ও আদ্রর্তাজনিত অস্বস্তি। হাওয়া অফিসের মতে, এই পরিস্থিতি আরও কিছুদিন চলবে। ফলে রাজ্যজুড়ে ফের শুরু দুর্যোগের নতুন অধ্যায়।

মঙ্গলবার সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদহে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবারও একই রকম আবহাওয়া থাকবে এই পাঁচ জেলায়। পার্বত্য অঞ্চলে ধস নামার প্রবল আশঙ্কা। কুয়াশা ও মেঘের কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানচলাচলও ব্যাহত হতে পারে।

জল জমে গিয়েছে বহু রাস্তায়, গ্রামের কাঁচা ঘরবাড়িতে জল ঢুকেছে। স্কুল-কলেজ থেকে শুরু করে অফিসের কাজেও প্রভাব পড়ছে। হাওয়া অফিস আশঙ্কা করছে, পরপর দু’দিন এই বৃষ্টি চললে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।

কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগণা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে আগামী দু’দিন ভ্যাপসা গরম বজায় থাকবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের শারীরিক সমস্যার আশঙ্কা থাকায় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ Astrology : বৃহস্পতির উল্টো পা! চলতি বছরের শেষভাগে ভাগ্য খুলবে এই ৩ রাশির!

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি, সর্বনিম্ন ২৯.১ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে বেশি। বৃহস্পতিবার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত মিললেও এখনই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই। ফলে আপাতত গরম-অস্বস্তির সঙ্গেই মানিয়ে চলার প্রস্তুতি নিচ্ছে রাজ্যবাসী।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর