সন্দেশখালির প্রার্থী রেখা পাত্রকে ফোন করে তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপর কৃষ্ণনগরের প্রার্থী রানিমা অমৃতা রায়কেও ফোন করলেন মোদী। তাঁকে উৎসাহ দিলেন তিনি। রানিমার কথায়, “উনি আমার অনুপ্রেরণা”।
জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার সন্ধ্যেয় দেশের তিন মহিলা বিজেপি প্রার্থীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর মধ্যে বাংলার দুই প্রার্থী হলেন সন্দেশখালির প্রার্থী রেখা পাত্র ও কৃষ্ণনগরের প্রার্থী রানিমা অমৃতা রায়। আর তৃতীয় জন হলেন কেরলের আলাথুর কেন্দ্রের বিজেপি প্রার্থী টিএন সরসু। লোকসভা ভোটের লড়াইয়ের আগে এই তিন মহিলা প্রার্থীকে ফোন করে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী।
কৃষ্ণনগরে রানিমা অমৃতা রায়ের বিপক্ষে লড়ছেন তৃণমূলের পোড় খাওয়া প্রার্থী মহুয়া মৈত্র। কৃষ্ণনগরে তাঁর বেশ প্রভাব রয়েছে। ফলে সেখানে লড়াইটা রানিমার জন্য বেশ কঠিন। আর সেই কারণেই তাঁকে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগাতে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। রানিমা অমৃতা রায় জানান, খুব বেশিক্ষণ কথা না হলেও, মোদী তাঁকে গুরুর মতো উৎসাহ জুগিয়েছেন।
মোদী (Narendra Modi) সম্পর্কে কী বললেন রানিমা?
অমৃতা রায়ের কথায়, “উনি আমার উপর আস্থা রাখতে পেরেছেন এটাই আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি তো প্রথমবার রাজনীতিতে। গুরুর মতো আমাকে উৎসাহ দিয়েছেন। ওনার মতো একজন আমাকে গাইড করছেন ভেবে ভালো লাগছে। উনি আমার অনুপ্রেরণা। যদিও উনি বলছেন আমি কেউ নই। লোকের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়াটাই আসল অনুপ্রেরণা”।
প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকেও ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সন্দেশখালির মহিলাদের উপর নির্যাতন, অত্যাচারের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিলেন প্রতিবাদী মুখ রেখা পাত্রই। তাঁকেই সেখান থেকে প্রার্থী করেছে বিজেপি। তবে তাঁকে প্রার্থী ঘোষণা করতেই সন্দেশখালির মহিলাদের একাংশ বিরোধিতা করেছিলেন। রেখা পাত্রকে প্রার্থী হিদেবে মেনে নিতে চান নি তারা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথনে সবটা জানান রেখা। জানা গিয়েছে, রেখাকে প্রচারের পন্থা বাতলে দেন মোদী (Narendra Modi)।
মোদী (Narendra Modi) রেখাকে বলেন, “বিজেপি আপনাকে প্রার্থী করে খুব ভাল কাজ করেছে। কারণ, যাঁরা বিরোধিতা করেছেন, তাঁদের হয়েও লড়াই করেন… এমন মানুষ রাজনীতিতে কমই আছেন। গোটা দেশ আপনার জন্য গর্বিত হবে”। এও বলেন, “আপনার যে আত্মবিশ্বাস রয়েছে, আমি নিশ্চিত আপনি ঠিক দিল্লিতে পৌঁছাবেন। আপনি নিশ্চয়ই নির্বাচনে জিতে আসবেন”। এবার এই দুই প্রার্থী মোদীর কথায় উজ্জীবিত হয়ে বিজেপিকে কতটা এগিয়ে রাখে লোকসভা ভোটে, এখন সেটাই দেখার।





