ফের এক নতুন সরকারি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার থেকে ওবিসি পড়ুয়ারা (OBC students) এই নতুন প্রকল্পে পাবে স্কলারশিপ। ওবিসি পড়ুয়াদের জন্য ঘোষণা করা মমতার এই প্রকল্পের নাম ‘মেধাশ্রী’ (Medhashree)। এই প্রকল্পের আওতায় এবার থেকে ওবিসি পড়ুয়ারা মাসে ৮০০ টাকা করে ভাতা বা বৃত্তি পাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী নিজে।
আজ, বৃহস্পতিবার আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে বলেন, “কেন্দ্রীয় সরকার ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু, আমরা তাদের স্কলারশিপ দেব। আমরা এবার থেকে রাজ্যের ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দেব মেধাশ্রী প্রকল্পে। শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এবার থেকে স্কলারশিপের টাকা দেওয়া হবে”।
এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাপ্য বকেয়া টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। এদিন বেশ কড়াভাবেই মমতা বলেন, “কেন্দ্রের কাছে ভিক্ষে চাইতে যাব না। কত দিন এ ভাবে চলে, দেখবেন। তার পর বুঝে নেব”। মমতার দাবী, রাজ্য থেকে তুলে নিয়ে টাকাই ইচ্ছাকৃত আটকে রেখেছে কেন্দ্র সরকার।
এদিন ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “১০০ দিনের কাজে বাংলা ঠিকমতো টাকা পাইনি। দেরি করে টাকা পাঠালে পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করতে সমস্যা হয়। আমি এই নিয়ে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। যারা কাজ করছে তাঁদের টাকাও দেওয়া হয়নি আর পরবর্তী কাজও দেওয়া হয়নি। এটা অন্যায়, এটা সংবিধান বিরোধী। টাকা না পাঠালেও আমার নিজেরা টাকা খরচ করেছি। আমি তিনবার দেখা করেছি প্রধানমন্ত্রীর সঙ্গে। ছয় হাজার কোটি টাকা বকেয়া রয়েছে, এ কথা জানিয়েছি”।
বলে রাখি, তফশিলি জাতি ও উপজাতি পরিবারের মেয়েদের স্কুলছুট প্রবণতা আটকানোর জন্যই চালু করা হয়েছিল ‘শিক্ষাশ্রী’ প্রকল্প। এই প্রকল্পে স্কুলে শিক্ষার প্রাথমিক ও ন্যূনতম খরচ বহন করে সরকার। আর্থিক কারণে অনেক পরিবারই তাদের মেয়েদের স্কুল থেকে ছাড়িয়ে দিতেন। তা যাতে না হয় আর মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্যই শিক্ষাশ্রী প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। এবার এরপর ‘মেধাশ্রী’র সুবিধাও পাবেন ওবিসি পড়ুয়ারা।





