‘কারোর বাড়িতে চকোলেট বোমা ফাটলেও লোক পাঠাচ্ছে’, কেন্দ্রীয় দলের ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে আসার প্রসঙ্গে বেজায় বিরক্ত মমতা

ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের ১০০ দিনের কাজ-সহ ১১টি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে চলতি মাসেই রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে নবান্নে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিলের কাজকর্ম বর্তমানে খতিয়ে দেখছে কেন্দ্রীয় দল। তৃণমূলের কথায়, রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।  

আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর তোপ, “কারোর বাড়িতে একটা চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠাচ্ছে। আর বিএসএফ যখন গুলি করে মানুষ মারে তখন তো কেন্দ্রীয় দল আসে না! উত্তরপ্রদেশে যখন মেয়েদের উপর অত্যাচার হয়, তখন কতজনকে পাঠাও? খালি কুৎসা আর অপপ্রচারের রাজনীতি”।

রাজ্য সরকার বারবার অভিযোগ করে এসেছে যে কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে দেয়। পাল্টা কেন্দ্র দাবী করেছে যে রাজ্য বরাদ্দ খরচের কোনও হিসাব দেয়নি। সেই কারণে টাকা বন্ধ রাখা হয়েছে। রাজ্যের প্রতিনিধিরা কেন্দ্র সরকারের দ্বারস্থ হয়েছেন। তবে পরবর্তীতে কেন্দ্রের তরফে কিছু টাকা বরাদ্দ করা হয়।

এসবের মধ্যেই বঙ্গ বিজেপি নেতৃত্ব দাবী করে যে রাজ্য সরকার ১০০ দিনের টাকা নয়ছয় করেছে। এমনকি, বরাদ্দ অর্থের হিসাব যাতে কেন্দ্র সরকার চায়, তার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে দরবার করেছেন শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদাররা। আর এরপরই রাজ্যে ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় দল যা বেশ তাৎপর্যপূর্ণ।

জানা গিয়েছে, গত ১৩ তারিখ কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক নবান্নকে চিঠি দিয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে সংশ্লিষ্ট মন্ত্রকের অধীনস্থ ১১টি প্রকল্পের অগ্রগতি দেখতে ফিল্ড ভিজিজ করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এই ১১টির মধ্যে রয়েছে – ১০০ দিনের কাজ, দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা, গ্রামীণ সড়কের উন্নয়ন, ডিজিটাল ল্যান্ড রেকর্ড-সহ একাধিক প্রকল্প। প্রতিনিধিরা ১১ জেলায় ঘুরে সমস্ত কাজ খতিয়ে দেখবেন। তবে শুধু বাংলা নয়, ২৫টি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠাচ্ছে কেন্দ্র সরকার। 

RELATED Articles