রোবোটিক মেশিন দিয়ে হবে নর্দমা পরিষ্কার। এবার থেকে নর্দমার ময়লা পরিষ্কারে এই রোবট ব্যবহার করা হবে। ম্যানহোলের মধ্যে শ্রমিকদের প্রবেশ করিয়ে পরিষ্কারের কাজ করানোয় ঝুঁকি থেকে যায়। সেই কারণেই এবার রোবোটিক ম্যানহোল পরিষ্কার মেশিনের ব্যবস্থা নিল পুরসভা। পুরসভার এই উদ্যোগে খুশি সাধারণ নাগরিকরা।
কিছুদিন আগেই নিউ টাউন কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি রাস্তা এবং নর্দমার গর্ত পরিষ্কার করার জন্য তিনটি রোবট মেশিনের উদ্বোধন করেছিল। রাজ্যে নয়া উদ্যোগ।একটি রোবটের দাম ৩৪ লাখ টাকা এবং এটি জেনারেটর দ্বারা চালিত হবে। কর্মকর্তাদের মতে, স্বল্প খরচে মানুষের হস্তক্ষেপ ছাড়াই দ্রুত নর্দমার গর্ত পরিষ্কার করা হবে। এছাড়া প্রাণহানির কোনো আশঙ্কাও থাকবে না। এই রোবট ম্যানহোলের নীচ থেকে ১.৭ মিটার পর্যন্ত বর্জ্য তুলতে সক্ষম।
ফলে বর্জ্য ভালোভাবে পরিষ্কার করা সম্ভব হবে। এছাড়া মেশিনে বিষাক্ত গ্যাস সেন্সরও রয়েছে। এর সাহায্যে নির্দিষ্ট কিছু এলাকার ম্যানহোলের ভেতরে এই বিষাক্ত গ্যাসের উপস্থিতি শনাক্ত করা যাবে। মেশিনগুলিকে সাকশন জেটিং মেশিনের পাশাপাশি স্থাপন করা হবে৷ রোবট মেশিন চালানোর জন্য নির্দিষ্ট অ্যাপ রয়েছে। এর মাধ্যমে সহজেই রোবট চালু করা যাবে।
প্রসঙ্গত, কলকাতা ও লাগোয়া এলাকায় বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। তাই প্রতি বছর বর্ষা শুরুর আগে নর্দমা পরিষ্কার করা হয়। এর ফলে দ্রুত জল নিষ্কাশন হবে। বুধবার এর সূচনা করা হয় হাওড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। উপস্থিত ছিলেন পুর প্রশাসক সুজয় চক্রবর্তী, পুর কমিশনার মহান্তি সহ অন্যান্য আধিকারিকরা। পুরসভার এই প্রয়াসে খুশি নাগরিকরা।
পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, “রাজ্যে হাওড়া পুরসভায় প্রথম এই ব্যান্ডিকুট রোবোট ব্যবহার করা হচ্ছে কোনও পুরসভায়। একটি বেসরকারি সংস্থাকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। নর্দমার ময়লা তাড়াতাড়ি পরিষ্কার করা গেলে জল জমার সমস্যা দূর হবে। এই পদ্ধতি সফল হলে রোবটের ব্যবহার বাড়ানো হবে।”





