সামনেই লোকসভা নির্বাচন। এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি ঠিকই কিন্তু বঙ্গ রাজনীতিতে নির্বাচন নিয়ে উত্তেজনা চরমে। নানান রাজনৈতিক দলগুলি একে অপরকে বিঁধতে কসুর করছে না একটুও। নানা মন্তব্যের কারণে বিতর্কেও পড়তে হচ্ছে নানান দলকে। এবার নতুন করে বিতর্ক ছড়ালেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। নারী দিবস নিয়ে পোস্ট করে তৃণমূলকে একহাত নিলেন তিনি।
আজ, শুক্রবার নারী দিবসের সকালে একটি টুইট করে তিনি বিজেপি নেতা, কর্মী ও আরএসএস সংগঠককে জানান, নির্বাচনী আবহে ঠিক কী কী বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে। আর সেই টুইটে তিনি তোপ দাগলেন তৃণমূলকে। কিন্তু তা করতে গিয়েই বিতর্কে জড়ালেন বিজেপি নেতা।
ঠিক কী লিখেছেন তথাগত রায়?
টুইট হ্যান্ডেলে তথাগত রায় লেখেন, “নির্বাচনের আগে বিজেপি নেতা কর্মীদের ও আর এস এস সংগঠকদের বিভিন্নভাবে তৃণমূল বিষকন্যা, সুন্দরী মহিলা, আত্মীয়াদের ব্যবহার করে মানসিক বিড়ম্বনা, সময় নষ্ট, চরিত্র হনন ও পুলিশ কেস দেওয়ার চেষ্টা করবে।এব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে”।
এরপরই দলের কর্মীদের উদ্দেশে তিনি লেখেন, “বিভিন্ন বাড়িতে যাওয়া, মোবাইলে কথা বলা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চ্যাট অডিও ও ভিডিও কলিং-এর ব্যাপারে খুব সতর্ক থাকতে বলা দরকার কর্মীদের। এর পাশাপাশি ভুয়ো মোবাইল নম্বর ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সরকারের তরফে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার”।
তৃণমূলের ‘বিষকন্যা’ কথাটি কাদের উদ্দেশে তথাগত রায় বলেছেন, তা অবশ্য তিনি উল্লেখ করে নি। নারী দিবসের কারণে বিশ্বজুড়ে নারীর অধিকার নিয়ে সমাজকে সচেতন করতে নানান কর্মসূচি পালন করা হচ্ছে। আর এমনই এক দিনে বিজেপি নেতার এহেন এক টুইট তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।
কড়া প্রতিক্রিয়া তৃণমূলের
বিজেপি নেতার এহেন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “সন্দেশখালিকে সামনে রেখে বিজেপি বাংলায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। কিন্তু আদতে ওরা যে নারীদের সম্মান করে না, তা তথাগত রায়ের এই টুইট থেকে আবারও প্রমাণিত হল”।





