মাঠজুড়ে পুড়ছে সরকারি নথিপত্র, ব্যাঙ্কের চেক, খবর পেয়েই ছুটলেন সিবিআই আধিকারিকরা, প্রমাণ লোপাটের চেষ্টা? রহস্য ঘনাচ্ছে ভাঙড়ে

‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই’। ভাঙড়েও এমনটাই করতে হচ্ছে তদন্তকারী আধিকারিকদের। চারদিকে ধোঁয়ায় ধোঁয়া। গোটা মাঠ জুড়ে পুড়ছে সরকারি নথিপত্র, ব্যাঙ্কের চেক। আর তা দেখে চোখ কপালে ওঠে স্থানীয়দের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সিবিআই। ওই পোড়া নথি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।  

আজ, মঙ্গলবার সকালে ভাঙড়ের আন্দুল গড়িয়া এলাকার একটি মাঠে সরকারি নথি পুড়তে দেখা যায়। মনে করা হচ্ছে, রাতের অন্ধকারে কেউ বা কারা এই নথিপত্র ফেলে যায় মাঠে। আর তাতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। বিশাল মাঠ জুড়ে পুড়তে থাকে ওই নথি। সেগুলি কীসের নথি বা কেন তাতে আগুন ধরিয়ে দেওয়া হল, তা এখনও জানা যায়নি।

সিবিআইয়ের অনুমান, ভাঙড়ের মাঠে যে নথিপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেগুলি সরকারি নথিই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারাও যান সেখানে। আগুন নিভিয়ে অর্ধেক পুড়ে যাওয়া নথি উদ্ধারের চেষ্টা করেন তাঁরা। বেশ কিছু আধপোড়া নথি উদ্ধার করা হয়েছে।

এই ঘটনা সম্পর্কে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, “সিবিআই এসে খুব ভাল করেছে। আমরা চাই তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটিত হোক। গোয়েন্দারা এসে বিষয়টি দেখছেন, এটা খুব আনন্দের। ওঁরা যে এসে নিজেরাই আগুন নিভিয়ে নথি সংগ্রহ করে তা খতিয়ে দেখছেন, এতে আমাদের কোনও অসুবিধা নেই। আমাদের দিক থেকে যদি কোনও সহযোগিতা ওঁরা চান, আমরা নিশ্চিত ভাবেই সহযোগিতা করব। কে বা কারা কোথা থেকে এই কাগজ নিয়ে এসেছেন, তদন্ত করলেই তা পরিষ্কার হবে”।

বর্তমানে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ তৎপর হয়েছে ইডি-সিবিআই। শাসক দলের একাধিক নেতাকে গ্রেফতারও করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবী, একাধিক প্রভাবশালীর থেকে অনেক তথ্য মিলেছে দুর্নীতি সম্পর্কে। সিবিআইয়ের অনুমান, ভাঙড়ে যে নথিপত্র পুড়িয়ে দেওয়া হল, এর সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে। প্রমাণ লোপাট করার জন্যই হয়ত এত সরকারি নথি এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই কারণে যত দ্রুত সম্ভব ওই এলাকায় পৌঁছে ওই পুড়ে যাওয়া নথি উদ্ধারের চেষ্টা চলছে।

RELATED Articles