প্রায়শ্চিত্ত! চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন তৃণমূল নেতা, ছেলের মৃত্যুর পর জমি-বাড়ি বেচে টাকা ফেরত দিচ্ছেন বৃদ্ধ বাবা

এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা ও তাল তাল সোনার গয়না। সেই টাকার সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে বলে অনুমান। অর্পিতাকেও গ্রেফতার করে ইডি। জেরায় অর্পিতা বলেছেন যে ওই টাকা তাঁর নয়, পার্থর।

জানা যাচ্ছে, নানান জেলার একাধিক তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রেখে টাকা তুলতেন। আর সেই অভিযোগেই অভিযুক্ত করা হয়েছে পুর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা নান্টু প্রধানকে। তিনি পার্থর সঙ্গে যোগাযোগ রেখে লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা তুলেছেন বলে দাবী নানান মহলের।

তবে সেই নান্টু প্রধান আর বেঁচে নেই। ২০১৮ সাকলে খুন হন এই পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতা। কিন্তু তিনি যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা তুলেছিলেন, তার কী হবে। ছেলের মৃত্যুর পর যেন প্রায়শ্চিত্ত করছেন বাবা। নান্টুর বাবার দাবী, ছেলের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০০ জনকে টাকা ফেরত দিয়েছেন তিনি।

বৃদ্ধ বাবার কথায়, টাকা ফেরত দেওয়ার জন্য জমি-বাড়ি, সম্পত্তি বিক্রি করতে হয়েছে তাঁকে। তিনি আশ্বাস দিয়েছেন যে বাকি পাওনাদারদের টাকাও তিনি মিটিয়ে দেবেন। এভাবেই ছেলের পাপের প্রায়শ্চিত্ত করছেন বাবা।

জানা যাচ্ছে, নান্টু প্রধানের বাড়ির সামনে প্রতিদিনই লম্বা লাইন পড়ে। কারোর থেকে ৫০ হাজার তো কারোর থেকে আবার ৫ লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু সেই টাকা আদতে কোথায় গেল, আর নান্টুই বা এই টাকার কত ভাগ পেয়েছিলেন, তা তাঁর বাবা কিছুই জানেন না। তবে পাওনাদাররা নিয়ম করে আসে তাঁর বাড়িতে।

একাধিক লোককে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন নান্টু। চাকরি কেউ পান নি। কিন্তু ছেলের মৃত্যুর পর এখন সেই টাকা মেটাচ্ছেন অসহায় বাবা। এভাবেই হয়ত ছেলের অপরাধের জন্য পাপমুক্ত হওয়ার চেষ্টা করছেন বৃদ্ধ।

RELATED Articles