প্রেম বয়স মানে না। একথার প্রমাণ অতীতেও অনেকবার মিলেছে। আর প্রেমের ভয়ঙ্কর পরিণতির ঘটনাও ঘটেছে বহুবার। এবার সামনে এল ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে ১৯ বছরের তরুণীর প্রেমের কাহিনী। আর সেই প্রেমের জেরেই এক মর্মান্তিক পরিণতি হল তাদের। বাড়ি থেকে এই অসমবয়সী প্রেম মেনে নেয় নি। সেই কারণে আত্মহননের পথই বেছে নিলেন এই যুগল। গোটা এলাকায় শোকের ছায়া।
কী ঘটেছিল গোটা ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। সেখানকার চাকলাপাড়া এলাকার বাসিন্দা হলেন অতুল রায়। তাঁর বয়স ৬৫ বছর। আর ওই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেন বুল্টি রায়। তাঁর বয়স ১৯ বছর। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এই দুই অসমবয়সী যুগল। প্রেম যে কোনও বাঁধ মানে না।
বেশ কিছুদিন ধরেই চলছিল সম্পর্ক। তবে দুই পরিবারের মধ্যেই একথা জানাজানি হয়ে যায়। তরুণীর পরিবারের থেকে কোনওভাবেই মেনে নেয় নি তাদের এই সম্পর্ক। বৃদ্ধের বাড়িতেও শুরু হয় ঝামেলা। পরিবারের অমতেই দু’দিন আগে বাড়ি থেকে পালায় তারা দু’জন। কিন্তু শনিবার ঘটে গেল বিপদ।
এদিন সকালে ওই বৃদ্ধের ছেলে তাদের বাড়ির উঠোনের সুপারি গাছের দিকে তাকাতেই আঁতকে ওঠেন। দেখেন সেই সুপারি গাছ থেকেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন অতুল ও বুল্টি। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়।
এই খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ এসে দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাদের সম্পর্ক পরিবারের তরফে মেনে না নেওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওই যুগল, এমনটাই মনে করা হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





