ফের নিম্নচাপের ভ্রুকুটি! ফের বৃষ্টিতে ভিজবে বাংলার মাটি, কালীপুজোতেই কী শীত গায়েব?

সবে একটু শীতের আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। ভোর ও রাতের দিকে হালকা শিরশিরানি ধরছিল। কিন্তু এরই মাঝে ফের কাঁটার মতো বিঁধল নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরেই ফের একবার ভিজবে বঙ্গের মাটি। ফলে কালীপুজো বা ভাইফোঁটার সময় শীতের আমেজ কমবে বলেই মনে করা হচ্ছে।

কী জানাল হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায় তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে পরিণত হবে নিম্নচাপে। সেই নিম্নচাপ অবস্থান করবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে।

সেই নিম্নচাপ প্রথমে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। পরে এই নিম্নচাপ গতি পরিবর্তন করে আসতে পারে উত্তর বঙ্গোপসাগরের দিকে। এর জেরেই আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যের উপকূল সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে উত্তুরে হাওয়ার প্রভাব বজায় থাকবে। জেলায় জেলায় আকাশ পরিষ্কার থাকবে। ফলে তাপমাত্রাও স্বাভাবিক থাকবে। জানা গিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ২০-২১ ডিগ্রির মধ্যেই ঘুরপাক খাবে।

জানা গিয়েছে, আগামী চারদিন তাপমাত্রা একই রকম থাকবে। এরপর থেকে ধীরে ধীরে সামান্য বাড়বে তাপমাত্রা। কালীপুজোতেও হালকা শীতের আমেজ বজায় থাকবে। তবে ভাইফোঁটায় আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানাল হাওয়া অফিস। সেই সময় তাপমাত্রা একটু বাড়বে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর