কিছু বছর আগেও বঙ্গে বিজেপির শক্তি বলতে ছিল মাত্র ২টি বিধানসভা আসন আর দার্জিলিং ও আসানসোলের দুটি লোকসভার আসন। কিন্তু ২০১৯ সালেই খেলা ঘুরিয়ে দেয় বিজেপি। বামেদের সরিয়ে তারা বঙ্গে উঠে আসে প্রধান বিরোধী দল হিসেবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টির মধ্যে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। সেবার দ্বিতীয় স্থানে থাকলেও এবার কিন্তু লোকসভা ভোটে ভোট পাওয়ার নিরিখে বাংলায় এক নম্বর দল হিসেবেই উঠে আসতে পারে বিজেপি, এমনটাই বলছে জনমত সমীক্ষা (poll opinion)।
কিছুদিন আগেই ভোটকুশলী প্রশান্ত কিশোর দাবী করেছিলেন, বাংলায় এবারে বিজেপি ভালো ফল করবে। বাংলায় এক নম্বর দল হবে পদ্ম শিবিরই। আর দ্বিতীয় স্থানে থাকবে তৃণমূল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ৩০টি আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছেন। আর এবার টাইমস নাও ইটিজি-র জনমত সমীক্ষাও (poll opinion) বলছে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে প্রথম হবী বিজেপিই।
২০১৯ সালে বিজেপি দারুণ এক ফলাফল করলেও একুশের বিধানসভা নির্বাচনে সেভাবে খেলা দেখাতে পারে নি পদ্ম শিবির। অমিত শাহ ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও ৭৭টি আসনেই থেমে গিয়েছিল বিজেপি চাকা। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফের খেলা ঘোরাতে পারে বিজেপি।
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে পেয়েছিল ৪০.৭ শতাংশ ভোট। আর তৃণমূল পেয়েছিল ৪৩.৩ শতাংশ ভোট। আবার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল যেখানে পেয়েছিল ৪৮.০২ শতাংশ ভোট, সেখানে বিজেপির ঝুলিতে ছিল মাত্র ৩৮.১৫ শতাংশ ভোট।
তবে টাইমস নাও ইটিজি-র জনমত সমীক্ষা (poll opinion) বলছে, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলকে পিছনে ফেলে দেবে বিজেপি। এই সমীক্ষা অনুযায়ী, বাংলায় ৪২টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২০ থেকে ২৪টি আসন। আর তৃণমূলের দখলে থাকতে পারে ১৭ থেকে ২১টি আসন। এর ফলে বাংলায় দ্বিতীয় স্থানে থাকার সম্ভাবনা তৃণমূলের। এদিকে বাম-কংগ্রেস জোট বাঁধলেও কোনও আসন যাবে না তাদের ঝুলিতে। আর কংগ্রেস একা একটি আসন পেতে পারে। এই সমীক্ষা সত্যি হয় কী না, তা তো জানা যাবে আগামী ৪ জুন।





