নতুন বছরের নতুন ‘আবদার’ পার্থর, এবার বাড়িতে বসেই চিকিৎসা করাতে চান দুর্নীতিতে ধৃত নেতা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাস থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বারবার জামিনের আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু প্রত্যেকবারই তা খারিজ হয়ে গিয়েছে। আজ, বুধবারও আদালতে জামিনের জন্য আর্জি জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এদিন আবার এক আবদার করে বসেন পার্থ।

কী জানালেন পার্থর আইনজীবী?

আজ, বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন পার্থ আইনজীবী আদালতে জানান, “ আমার মক্কেলের জয়েন্টে সমস্যা। হাই সুগার। কিডনির সমস্যা দীর্ঘদিনের। মেডিক্যাল বোর্ডের পরামর্শ ছিল নিয়মিত রক্তপরীক্ষা করার। গত ৯ মাসে রক্তপরীক্ষা হয়নি। জেলে চিকিৎসা হচ্ছে না। যেভাবে চিকিৎসা হওয়া দরকার, সেটা হচ্ছে না”।

আইনজীবীর কথায়, “দিনের পর দিন বিনা চিকিৎসায় রয়েছেন পার্থ। হেফাজতে রয়েছেন। তবে তদন্ত হচ্ছে না। প্রথম থেকেই আমার মক্কেল তদন্তে সহযোগিতা করেছেন। সাহায্য করিনি এরকম কোনও রিপোর্ট নেই”।

পার্থর আইনজীবী এও বলেন, “আমার মক্কেলের বাড়ি নেতাজিনগর থানা এলাকায়। অর্থাৎ এই আদালতের এলাকার মধ্যেই পড়ে। তাই যে কোনও শর্তে জামিন দেওয়া হোক”। এরপরই আবদারের সুরে পার্থ বলেন, “বাড়িতে বসেই চিকিৎসা করাতে চাই”।

যদিও এই আবেদনের বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী। তিনি দাবী জানান যাতে কোনওমতেই এই মুহূর্তে পার্থকে জামিন না দেওয়া হয়। সিবিআইয়ের মতে, নিয়োগ দুর্নীতির কিংপিন হতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে পার্থর জামিন হলে তাতে তদন্তে প্রভাব পড়তে পারে কারণ তাদের কাছে এই মুহূর্তে অনেক তথ্য আসছে যা চমকে দেওয়ার মতো।   

RELATED Articles