ভারতে আসছেন মেসি-সহ গোটা আর্জেন্টিনা টিম, সুনীল ছেত্রীদের বিরুদ্ধে এবার মাঠে নামবে বিশ্বজয়ী দল

লিওনেল মেসি! ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি করতে এই নামটাই যথেষ্ট। বিশ্বজয়ী তারকা তিনি। কেরিয়ারের সায়াহ্নে এসে পৌঁছলেও মেসির জনপ্রিয়তা কিন্তু এখনও ঊর্ধ্বমুখী। এর আগে একবার কলকাতায় পা পড়েছিল তাঁর। তখন অবশ্য তিনি বিশ্বজয়ী খেতাব জেতেন নি। তবে শোনা যাচ্ছে, ফের একবার ভারতের মাটিতে পা পড়তে চলেছেন বিশ্বজয়ী লিওনেল মেসির। শুধু মেসিই নয়, গোটা আর্জেন্টিনা টিমই আসতে চলেছে ভারতে, এমনটাই খবর।  

কবে ভারতে আসছেন মেসি?

একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী জুলাই মাসেই হয়ত ভারতে আসবেন মেসি ও আর্জেন্টিনা দল। একটি প্রীতি ম্যাচ খেলার জন্য ভারতে আসছেন মেসি। কেরালা সরকারের আয়োজন করা একটি প্রীতি ম্যাচ খেলবেন বিশ্ব তারকা। তবে ঠিক কোন দলের বিপক্ষে এই ম্যাচ হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধেই হয়ত এই প্রীতি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা।

এর আগেও একবার কলকাতা এসেছিলেন লিওনেল মেসি। সালটা ছিল ২০১১। সেই সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। ১-০ গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে দিয়েছিল মেসির দল।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকেই মেসির ভারতে আসার জল্পনা তৈরি হয়। গত বছর কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমান্যুয়েল মার্টিনেজ। তারপর থেকেই  মেসির ভারতে আসার নানান জল্পনা ওঠে। কিন্তু নানান জটিলতার কারণে তা আর হয়ে ওঠেনি।  

জানা যাচ্ছে, মেসির সঙ্গে আর্জেন্টিনার আরও এক তারকা ফুটবলার অ্যাঞ্জেল দি মারিয়াও আসছেন ভারতে। গত বছর মেসি ও মারিয়ার দু’জনেরই ভারতে আসার জল্পনা তৈরি হয়েছিল। ভারতীয় ফুটবলাররা অনেক আশা করে ছিলেন। এবার তাদের সেই আশা হয়ত পূরণ হতে চলেছে। শুধুমাত্র মেসি বা মারিয়াকেই না, গোটা আর্জেন্টিনা টিমটাকেই দেখার সুযোগ পাবেন ভক্তরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles