‘তুমি আমার নামটাই নিলে’? জেলে মুখোমুখি হতেই নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলকে প্রশ্ন করলেন পার্থ, কী উত্তর দিলেন তৃণমূল যুবনেতা?

পদ মর্যাদায় তাদের মধ্যে অনেকটাই তফাত রয়েছে বটে। তবে জেলের মধ্যে তারা দু’জনই সমান। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh), দু’জনেরই নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে (recruitment scam)। এর জেরে দু’জনেরই ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail)। এবার জেলের মধ্যে মুখোমুখি হলেন দুই পক্ষ।

গত বছর নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর থেকেই প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ব্লকের সেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই ব্লকে ২২টি সেল রয়েছে। সেই ব্লকের একটি সেলেই গত বৃহস্পতিবার থেকে নতুন বসবাস শুরু করেছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। এমনিতে যে কয়েদিদের রোজ দেখা হওয়ার সুযোগ থাকে, তেমনটা নয়। সেলের সামনের লনে একটু হাঁটাহাঁটি করতে পারেন বন্দিরা। আর এই হাঁটাহাঁটি করতে গিয়েই সামনাসামনি পার্থ-কুন্তল। কথাবার্তাও হল দু’জনের মধ্যে।

জেল সূত্রে খবর, সামনে কুন্তলকে দেখতে পেয়েই তাঁকে প্রশ্ন করা শুরু করেন পার্থ। প্রথমেই তিনি প্রশ্ন করেন, “এই তুমি আমাকে চেনো? তুমি আমার নামটাই নিলে”? প্রশ্নের উত্তরও দেন কুন্তল। তবে জবাবটা খুবই ক্ষীণ স্বরে মিনমিন করে দেন যুবনেতা। যেটুকু শোনা যায়, তা হল “আলাপ নেই”। এরপরই কুলুপ আঁটেন কুন্তল।

ইডি আদালতে দাবী করেছে যে বেআইনি নিয়োগে অযোগ্য চাকরিপ্রার্থীদের থেকে কুন্তল যে টাকা নিয়েছিলেন, তার থেকে নিজের কমিশন বাদ দিয়ে বাকি টাকা পার্থ ও অন্যান্য প্রভাবশালীদের দিয়েছেন কুন্তল। ইডির জেরায় কুন্তল এও দাবী করেছেন যে পার্থবাবুর জন্য একবার ইলিশ কিনে তাঁর বাড়িও গিয়েছিলেন তিনি। পার্থর নাকতলার বাড়িতেও যাতায়াত ছিল কুন্তলের, এমনও জানা গিয়েছে ইডি সূত্রে।

তবে এদিন পার্থ ও কুন্তলের এই কথোপকথনের কথা প্রকাশ্যে আসতেই বেশ চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদি কুন্তলের সঙ্গে পার্থর চেনাজানা হয়েই থাকবে, তাহলে তিনি তাঁকে কেন জিজ্ঞাসা করলেন যে সে তাঁকে চেনে কী না। আরও ১০ দিন ওই একই ব্লকে থাকবেন পার্থ-কুন্তল। পরবর্তীতে ফের তাদের মধ্যে কোনও কথাবার্তা হয় কী না, এখন সেটাই দেখার।

RELATED Articles