ফের একবার তৃণমূলের (TMC) হয়ে বার্তা দিতে শোনা গেল এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মুখে। আজ, সোমবার ফের আলিপুর আদালতে পেশ করা হয় তাঁকে। এদিন হাজিরা দেওয়ার কথা কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly), সুবিরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya), শান্তিপ্রসাদ সিনহারা (Shanti Prasad Sinha)। এজলাসে দুই মিডিলম্যানও। এদিন আদালত থেকে বেরোনোর সময় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেওয়া ডিসেম্বর ডেডলাইন প্রসঙ্গে প্রশ্নের জবাব পার্থ বলেন, “তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না’”।
রাজনৈতিক মহলের মতে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার ডিসেম্বর মাসকে উল্লেখ করে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা করছেন বলে মনে করছে। সম্প্রতি আবার তিনটি দিনের কথা উল্লেখ করেছেন শুভেন্দু। এরমধ্যে প্রথম দিনটি হল ১২ ডিসেম্বর অর্থাৎ আজ। এ দিনই আবার আদালতে হাজিরা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
এদিন জেল হেফাজত শেষে তাঁকে কোর্ট লক-আপে আনার সময় মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীর দেওয়া ডেডলাইন প্রসঙ্গ টেনে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, “তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না”। বলে রাখি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষিত তিন ‘বড়দিন’-এর একদিন আজ, ১২ ডিসেম্বর। শুভেন্দু বলেছেন, “১২-১৪-২১ তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ”।
বলে রাখি, গত জুলাই মাসের শেষের দিকে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা নগদ ও সোনার গয়না। অর্পিতাকে গ্রেফতার করার পর জেরার মুখে পড়ে তিনি বলেন যে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার মালিক পার্থ চট্টোপাধ্যায়।
পার্থর গ্রেফতারির পরই তাঁর পাশ থেকে সরে যায় তৃণমূল। মন্ত্রিত্ব এমনকি দলের নানান পদ থেকেও বহিষ্কার করা হয় পার্থকে। কিন্তু তা সত্ত্বেও দলের পাশ থেকে সরেন নি পার্থ। বারবার দলের উদ্দেশে বার্তা দিতে দেখা গিয়েছে তাঁকে। আজ ফের আদালতে পেশ করা হয়েছে পার্থকে। এদিন জামিনের আবেদনের শেষে আদালত কী পার্থর জামিনের আবেদন মঞ্জুর করবে নাকি ফের তাঁকে জেলে যেতে হবে, এখন সেদিকেই তাকিয়ে সকলে।





