আচমকাই জেলের মধ্যে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, প্রেসিডেন্সি জেলে ছুটল এসএসকেএমের চিকিৎসকদের বিশেষ টিম

আচমকাই জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সংশোধনাগারের তরফে খবর দেওয়া হয় এসএসকেএমে। এরপর সেখানকার চিকিৎসকদের বিশেষ টিম গেলেন প্রেসিডেন্সি জেলে। কী হয়েছে পার্থর?

২০২২ সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৫০ কোটি টাকা। গ্রেফতার করা হয়েছিল অর্পিতাকেও। আপাতত তিনিও জেলবন্দি।

একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করলেও খারিজ হয়ে যায়। তাঁর বয়স ও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিনের আর্জি জানানো হলেও জামিন মেলেনি। তাঁর আইনজীবী এমনও বলেছিলেন যে বিচার হওয়ার জন্য তো বেঁচে থাকাটা জরুরি। কিন্তু লাভ হয়নি।

এমনকি, পার্থর আইনজীবী এও আদালতে আর্জি জানিয়েছেন যাতে পার্থকে বাড়িতে রেখেই তদন্ত চালানো হয়। কিন্তু এই আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। এবার কালীপুজোর আগে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।   

প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর, গত ২-৩ দিন ধরেই নাকি পার্থর শারীরিক সমস্যা বেড়েছে। তাঁর কাঁধে ব্যাথা, পা-ও ফুলেছেন প্রাক্তন মন্ত্রীর। বিষয়টি এসএসকেএম কর্তৃপক্ষকে জানানো হয় জেল কর্তৃপক্ষের তরফে। এদিন ৩-৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পৌঁছয় প্রেসিডেন্সি জেলে। পরীক্ষা করেন তারা পার্থকে। কিছু পরীক্ষা করানোর সুপারিশ করা হয়।

আরও পড়ুনঃ দিঘায় ঝাউবনের মধ্যে তোলাবাজি পুলিশের, ঘনিষ্ঠ অবস্থায় যুগলদের দেখলেই পাকড়াও, গ্রেফতারির ভয় দেখিয়ে পকেট ভরিয়ে চম্পট, সামনে এল আসল সত্যি!

প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে তাঁকে। পরীক্ষার রিপোর্ট এলে পরবর্তী চিকিৎসা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদি প্রয়োজন হয়, তাহলে মেডিক্যাল বোর্ড গঠন করা হতে পারে বলে খবর। বলে রাখি, দুর্গাপুজোর সময় জানা গিয়েছিল, মন ভালো নেই পার্থর। এমনকি, জেলের মধ্যে দুর্গাপুজোর জন্য আনা মা দুর্গার মূর্তির পায়ের সামনে বসে কেঁদে ভাসিয়েছিলেন তিনি। পুজোর সময় নিজের সেলের বাইরেও বের হন নি তিনি। এবার কালীপুজোর আগে অসুস্থ হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়।

RELATED Articles