Partha Chatterjee : তিন বছর পর আইনি স্বস্তি? ইডি-সিবিআই দু’মামলাতেই জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, মুক্তির পথ কি এবার সত্যিই খুলছে?

দীর্ঘ প্রায় তিন বছর ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একসময়ের প্রভাবশালী নেতা এখন কাটাচ্ছেন দিন প্রেসিডেন্সি সংশোধনাগারের চার দেয়ালের ভেতরে। তাঁর রাজনৈতিক কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে বড়সড় ধাক্কা এনেছে বহুল চর্চিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। তবে সোমবারের পর থেকে তাঁর ঘনিষ্ঠ মহলে আশার আলো দেখা দিয়েছে নতুন করে।

এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে হয় গুরুত্বপূর্ণ শুনানি। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল ছিল স্পষ্ট—ইডি মামলায় শর্তসাপেক্ষ জামিন মেনে চলেছেন তাঁর মক্কেল। সুতরাং সিবিআইয়ের মামলাতেও তাঁকে একই সুবিধা দেওয়া উচিত। অপরদিকে, সিবিআই জামিনের বিরোধিতা করলেও বিচারপতিরা পর্যবেক্ষণ করেন, এত দীর্ঘ তদন্তের পরও নতুন কোনও তথ্য সামনে আসেনি। সেই যুক্তি শেষমেশ খারিজ হয়ে যায়।

অবশেষে সোমবার সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায় ও প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি সুবীরেশ ভট্টাচার্যকে শর্তসাপেক্ষে জামিন দেয়। আদালতের এই নির্দেশকে বড় আইনি স্বস্তি হিসেবে দেখছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, ইডির মামলায় আগেই জামিন মিলেছিল পার্থর। এবার সিবিআই মামলাতেও সবুজ সংকেত মেলায় তাঁর মুক্তির পথ কিছুটা হলেও সহজ হলো।

তবে এখানেই শেষ নয় লড়াই। আইনি মহলের মতে, একাধিক মামলার জট না কাটলে এখনই জেল থেকে বেরোনো কঠিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর পক্ষে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে আরও একাধিক মামলা এখনও বিচারাধীন। সেসব ক্ষেত্রে আদালতের নির্দেশ না আসা পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি কার্যত অসম্ভব।

আরও পড়ুনঃ SSC Protest: শান্তিপূর্ণ আন্দোলনের আগেই হঠাৎ পুলিশের হানা ! এসএসসি অভিযানের আগে আটক হল চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস!

তবু আশাবাদী তাঁর ঘনিষ্ঠ মহল। তাঁদের মতে, বড় দুটি মামলায় জামিন পাওয়া ভবিষ্যতের ক্ষেত্রেও ইতিবাচক বার্তা বয়ে আনতে পারে। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার হওয়ার পর থেকে আজ পর্যন্ত টানা জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টের রায় নিঃসন্দেহে দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে তাঁকে কিছুটা হলেও স্বস্তি এনে দিল। এখন অপেক্ষা—বাকি মামলাগুলিতেও কি মিলবে একই স্বস্তি?

আরও অন্যান্য খবর