এসএসসি-র পর এবার টেট নিয়োগ দুর্নীতিতেও নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের, মন্ত্রীমশাইয়ের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড-সহ একাধিক নথি উদ্ধার ইডি-র

এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam Case) জেরে ইডি (ED) গ্রেফতার করেছে রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। আপাতত তিনি রয়েছেন ইডি-র হেফাজতে। এরই মধ্যে এবার টেট নিয়োগ দুর্নীতিতেও (TET Scam Case) নাম জড়াল মন্ত্রীর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে  ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি উদ্ধার করেছে ইডি।

ইডি সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যেসমস্ত নথি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে থেকেই মিলেছে টেটের নথিও। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার করা নানান জিনিসের সিজার লিস্টের ১৫ নম্বরে এই নথির কথা উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।

২০১২ সালের টেটের প্রথম তালিকা বাতিল করে দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়। সিজার লিস্টের ১৩ নম্বরে উল্লেখ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ, বদলি সংক্রান্ত নথি এবং অ্যাডমিট কার্ড। আর তা নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম।

ইডি-র দাবী অনুযায়ী, শুধুমাত্র টেট বা এসএসসি সংক্রান্ত নথিই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা ৭টি সম্পত্তির দলিলও মিলেছে। এর উল্লেখও রয়েছে সিজার লিস্টে। প্রাক্তন শিক্ষামন্ত্রী যে টেট দুর্নীতির সঙ্গেও সরাসরি যুক্ত, তা বেশ স্পষ্ট। টেটের নানান নথি পাওয়া গেল পার্থর বাড়িতে।

বলে রাখি গতকাল, সোমবার আদালতের নির্দেশে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তবে সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করে চিকিৎসকরা জানান যে পার্থর কিছু শারীরিক সমস্যা থাকলেও, তেমন সিরিয়াস কিছু নয়। পার্থকে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই বলেই জানান চিকিৎসক।

এরপর আজ, মঙ্গলবার পার্থকে ভুবনেশ্বর থেকে কলকাতা আনা হয়। ইডির আধিকারিকরা তাঁকে নিয়ে যায় তাদের দফতরে সিজিও কমপ্লেক্সে। পার্থ ও অর্পিতাকে গতকাল, সোমবার আদালতে পেশ করে ১০ দিনের হেফাজতে নিয়েছে ইডি। তাদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও অন্যান্য খবর