এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam Case) নিয়ে তদন্ত যত এগোচ্ছে, ততই যেন নানান নতুন নতুন তথ্য উঠে আসছে। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দু’টি ফ্ল্যাট থেকে প্রায় মোট ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। নানান জায়গা থেকে তাদের দু’জনের একসঙ্গে থাকা সম্পত্তির খোঁজ মিলছে। আর এরই মধ্যে ফের নতুন করে বিতর্কে জড়ালেন পার্থ চট্টোপাধ্যায়।
ইডি সূত্রে খবর অনুযায়ী, ফের একবার ইডি আধিকারিকদের হুমকি দিয়েছেন পার্থ। এসএসকেএমের পর এটা দ্বিতীয়বার। ইডি-র সূত্র অনুযায়ী, ‘বাইরে বেরোলে দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডি-র আধিকারিকদের কথায়, পার্থকে জেরার সময় কার্যত হুমকির সুরে তাদের ‘দেখে নেওয়ার’ কথা বলেন তিনি।
এটাই প্রথমবার নয়, এর আগেও এসএসকেএম হাসপাতালেও ইডি-র গোয়েন্দাদের উপর মেজাজ হারান পার্থ। সেই সময় তিনি হুমকি দিয়ে বলেছিলেন, “এটা আমার হাসপাতাল। আমি যেমন বলব, তেমনই রিপোর্ট হবে”। এই ঘটনার কথা আদালতে জানায় ইডি।
সূত্রের খবর অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার জন্য ইডি গোয়েন্দার তিনজনের একটি দল এসে পৌঁছয় সিজিও কমপ্লেক্সে। তবে জেরার সময় সহযোগিতা করেন নি পার্থ। গোয়েন্দারা বারবার তাঁকে প্রশ্ন করলে একসময় মেজাজ হারান তিনি। আর গর্জন করে হুমকি শানিয়ে পার্থ বলেন, “আমি একবার বাইরে বেরোলে গোয়েন্দাদের দেখে নেব”।
ইডি-র কথায় রীতিমতো হুমকির সুরে এই কথাগুলি বলেন পার্থবাবু। এই সমস্ত ঘটনা আদালতে জানানো হবে বলে জানা গিয়েছে। এছাড়াও, ইডি-র তরফে পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা আরও কড়া করা হয়েছে বলে খবর।





