রামপুরহাট হাসপাতালে মাত্র ৫ টাকায় পাওয়া যাচ্ছে ভরপেট ভাত-ডাল-তরকারি-পায়েস! ক্লাবের উদ্যোগে বেজায় খুশি রুগীদের আত্মীয় পরিজনরা

রামপুরহাট জেলা হাসপাতালের সামনে পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ টাকায় ভরপেট খাবার। তবে এই উদ্যোগ নতুন নয়, করোনা মহামারির আগে থেকেই শুরু হয়েছিল এই ব্যবস্থা। মাঝে করোনা পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয়েছিল এই ব্যবস্থা।

গত শনিবার থেকে সেই উদ্যোগ আবার শুরু করেছে স্থানীয় ক্লাব ‘তরুণের আহ্বান’। ক্লাবের পক্ষ থেকে জানা যাচ্ছে, ২০১৮ সালের ২১ জুলাই প্রথম এই উদ্যোগ শুরু হয়। ‘দুর্গামার রান্নাঘর’ নামক এই উদ্যোগে মাত্র পাঁচ টাকায় ভরপেট খাবার পাবেন সাধারণ মানুষ। করোনায় বিধিনিষেধের জন্য হাসপাতাল চত্বর ছেড়ে অন্যান্য জায়গায় দুর্গামার রান্নাঘর লকডাউনে পরিষেবা দেয় বলে জানা গিয়েছে।

ক্লাবের সম্পাদক কৃষ্ণ চৌধুরী বলেন, ‘দুর্গামার রান্নাঘর তরুণের আহ্বানের একটি শাখা। মাত্র পাঁচ টাকা নেওয়া হয় এই কারণে, যাতে করে কারও আত্মসম্মানে ঘা না লাগে। যিনি খাবেন, তিনি যেন এমন না মনে করেন যে, বিনা পয়সায় কাঙালি ভোজন করছি।’

খাবারের মেনুতে থাকছে আগের মতোই মিনিকিট চালের ভাত, মুগের ডাল, আলু-সয়াবিনের তরকারি, আমড়ার চাটনি ও আতপ চালের পায়েস। এই উদ্যোগে খুশি জেলার সর্বস্তরের মানুষ এবং হাসপাতালে আসা রুগীর আত্মীয় পরিজনরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর