নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) সঙ্গে ঘটল এক ঘটনা। প্রচারে বেরিয়ে তাঁকে শুনতে হল ‘জয় শ্রীরাম’ ধ্বনি। বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখেও পড়েন তিনি। আর এর জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
আজ, মঙ্গলবার তৃণমূলের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) নন্দীগ্রামে প্রচারে গিয়েছিলেন। সেখানে নন্দীগ্রাম ২ ব্লকের কালীবাড়ি এলাকায় ঘুরে ঘুরে প্রচার সারেন তিনি। এরপর যান কালী মন্দিরেও। সেখানেই দেবাংশুকে (Debangshu Bhattacharya) দেখেই ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন কিছু মানুষ। শুধু তাই-ই নয়, দেবাংশুকে উদ্দেশ্য করে ‘চোর’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগানও উঠতে থাকে। এর জেরে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে।
এদিন প্রচারের পাশাপাশি নন্দীগ্রামে একটি জনসভাও ছিল দেবাংশুর (Debangshu Bhattacharya)। সেই সভার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এই স্লোগান প্রসঙ্গে দেবাংশু বলেন, “ওরা আমাকে দেখে জয় শ্রীরাম বলেছে, আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে। আমি হরেকৃষ্ণ বলেছি”।
এর পাশাপাশি বিজেপিকেও তোপ দাগতে ছাড়েন নি দেবাংশু (Debangshu Bhattacharya)। তাঁর কথায়, “বিজেপি আগাপাশতলা একটা অসভ্যের দল। এদেরকে মানুষ উচিৎ জবাব দেবে সময় এলেই। এদের নিয়ে যত কম বলা যায় তত ভালো”।
এদিন নন্দীগ্রামে জনসংযোগ সারার সময় স্থানীয়দের সঙ্গে বেশ ভালোভাবেই মিশে যান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। গ্রামবাসীদের থেকে আবার জল, শরবতও খান তিনি। দেবাংশু এই নিয়ে বলেন, “ভোটের গরম ও প্রাকৃতিক গরম দুটিই রয়েছে। কিন্তু তার মাঝখানে যদি এমন মায়েরা থাকেন যারা জল দিয়ে ঠাণ্ডা দিয়ে সাহায্য করেন তবে শরীর ঠাণ্ডা হয়”।





