রাজ্যের অন্যতম বড় নামকরা সরকারি হাসপাতাল হল এসএসকেএম। এবার এই হাসপাতালের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। অভিযোগ, যাদের নাম নানান দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের আশ্রয় দিয়েছে এই হাসপাতাল। কিন্তু চিকিৎসা পাচ্ছেন না সাধারণ মানুষ। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হল আজ, বুধবার।
কী দাবী মামলাকারীর?
মামলাকারী দাবী করেছেন যে নানান দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী নেতা যাদের চিকিৎসার প্রয়োজন নেই, তারা হাসপাতালের বেড দখল করে রেখেছেন। তাদের আশ্রয় দিচ্ছে এসএসকেএম। মামলাকারীর দাবী, হাসপাতালে তাদের ভুয়ো চিকিৎসা চলছে। আর এর জেরে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন হাসপাতালে। ‘বেড নেই’ বলে ফেরানো হচ্ছে রোগীদের। এসএসকেএমে চিকিৎসার অপব্যবহার চলছে বলে অভিযোগ।
হাইকোর্টে মামলাকারী আবেদন করেছেন যে ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের সমস্ত মেডিক্যাল রিপোর্ট যাতে প্রকাশ্যে আনা হয়। সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কোনও হাসপাতালকে দিয়ে যাচাই করানোর আর্জি জানানো হয়েছে। এছাড়াও, এসএসকেএমে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড আদালতে জমা করার জন্য সিবিআই এবং ইডিকে নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন জানালেন মামলাকারী।
আদালতে প্রশ্নের মুখে এসএসকেএমের ভূমিকা। এই মামলাটি করেছেন হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর বক্তব্য, বৃহত্তর জনগণের স্বার্থে করা হয়েছে এই মামলা। এসএসকেএম হাসপাতালে সকলের জন্য সমান চিকিৎসা ব্যবস্থা করা হোক।
মামলাকারী বলেন, নানান দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী মানুষ যেমন জ্যোতিপ্রিয় মল্লিক, সুজয়কৃষ্ণ ভদ্রদের জন্য এসএসকেএমে সাধারণ মানুষ চিকিৎসা পান না। প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয় হাসপাতালে যা কোনওভাবেই কাম্য নয়। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে।





