যতদূর চোখ যায় শুধু পাহাড়। আর তা ঢাকা সাদা বরফে। আর সেই সাদা বরফের মাঝেই গর্বের হাসি নিয়ে স্বাধীনতার অমৃত মহোৎসবের পোস্টার হাতে দাঁড়িয়ে বাংলার তনয়া। ফের রেকর্ড গড়লেন হুগলির চন্দননগরের পিয়ালী বসাক। এবার পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন তিনি।
আজ, সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে এই শৃঙ্গ জয় করেন পিয়ালী। গত ৯ মার্চ হিমালয়ের অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন এভারেস্ট জয়ী পর্বত আরোহী পিয়ালী বসাক। সোমবার স্থানীয় সময় সকাল ৮:৫০ মিনিট নাগাদ পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা সামিট করেন তিনি।
পাহাড়ের টানে একের পর এক আট হাজার শৃঙ্গ জয়ের উদ্দেশে রওনা দিয়েছেন পিয়ালী। ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন বাংলার মেয়ে। এরপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন তিনি। তবে ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল তাঁকে। সেই সময় পাহাড়ে খারাপ আবহাওয়ার চলছিল ফলে এক পা পিছতে হয় এই মেয়েকে।
২০২২ সালের ২২শে মে অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালী। ঠিক তার দুই দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন তিনি। আর এবার সেই রেকর্ডে যুক্ত হল আরও এক পালক। আরও এক আট হাজারী শৃঙ্গ জয় করলেন পিয়ালী। জানা গিয়েছে, অক্সিজেন নিয়ে আজ সকালে অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছেন পিয়ালী। গতকাল বিনা অক্সিজেনে চেষ্টা করেছিলেন কিন্তু তা পারেন নি।





