গতকাল ঘূর্ণিঝড় যশের ফলে বেশ কিছু ক্ষতির হয়েছে। রাজ্যে যশ আছড়ে না পড়লেও এর প্রভাব দেখা গিয়েছে রাজ্যের নানা এলাকায়, বিশেষত পূর্ব মেদিনীপুর ও সুন্দরবন অঞ্চলে।
ঘূর্ণিঝড় যশের পর পরিস্থিতি কেমন, তা খতিয়ে দেখতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল ওড়িশা ও পশ্চিমবঙ্গ পরিদর্শন করবেন তিনি। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর-সহ বাংলা ও ওড়িশার একাধিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- বিপদের দিনে দেবদূত তাঁরাই! ভাইরাল এনডিআরএফ কর্মীদের সাহায্যের ছবি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল প্রথমে ভুবনেশ্বর যাবেন মোদী। সেখানে পর্যালোচনা বৈঠক সারবেন তিনি। এরপর সেখান থেকে আকাশপথে ওড়িশার ভদ্রক, বালাসোর ও পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।
শেষে পশ্চিমবঙ্গে একটি বৈঠক করবেন মোদী। গত বছর রাজ্যে আমফানের পরও পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন মোদী। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। তবে এবার তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী থাকবেন কী না, এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।





