ভয়ানক কাণ্ড। স্কুলের সামনেই বেধড়ক মারধর করা হল এক শিক্ষিকাকে। মারের চোটে শিক্ষিকার হাত ভেঙে টুকরো হয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এক স্থানীয় যুবকের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। এমনকি, পুলিশ ধরতে গেলে পুলিশের উপরও হামলা চালায় ওই যুবক, এমনটাই অভিযোগ। কোনওরকমে যুবককে পাকড়াও করে পুলিশ।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে গতকাল, বৃহস্পতিবার মালদহের হবিবপুরে। জানা গিয়েছে, এর আগেও অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন শিক্ষিকার পরিবারের লোকেরা। অভিযোগ ছিল, স্কুলে যাতায়াতের পথে ওই শিক্ষিকাকে বার বার অনুসরণ করত অভিযুক্ত। শিক্ষিকাকে বিরক্ত করত বলেও অভিযোগ।
এই অভিযোগের প্রেক্ষিতেই এর আগেও অভিযুক্তকে একবার ধরেছিল পুলিশ। বেশ কিছুদিন জেলেও ছিল ওই যুবক। এদিকে ওই যুবকের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে শিক্ষিকা স্কুলে যাতায়াতের পথও বদলে ফেলেছিলেন। অন্য রাস্তা দিয়ে যাতায়াত করতেন।
জানা গিয়েছে, এরপর গতকাল ওই শিক্ষিকার পথ আটকে দাঁড়ায় অভিযুক্ত যুবক। তাঁর সামনে জুতো ছুঁড়ে ফেলে তা পরিয়ে দিতে বলে শিক্ষিকাকে। তাতে রাজি হন নি তিনি। এরপরই শিক্ষিকাকে গাছের মোটা ডাল দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এই খবর পেয়েই ছুটে আসেন স্কুলের রাঁধুনি ও অন্যান্য কর্মীরা। তারাই শিক্ষিকাকে উদ্ধার করে মালদহের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই আপাতত চিকিৎসাধীন ওই শিক্ষিকা। মারের চোটে তাঁর হাত ভেঙে গিয়েছে বলে খবর।
এই ঘটনার পর এদিন রাতেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু অভিযোগ, সেই সময় পুলিশের উপরও হাতুড়ি, রড দিয়ে হামলা চালায় ওই যুবক। কোনওভাবে অভিযুক্তকে পাকড়াও করে গ্রেফতার করে পুলিশ।





