শহিদ সম্মান যাত্রার প্রথমদিনই বাড়ল উত্তেজনার পারদ, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

বিজেপির শহিদ সম্মান যাত্রা নিয়েও উত্তেজনার পারদ চড়ল তুঙ্গে। শহিদ সম্মান যাত্রার প্রথমদিনই গ্রেফতার হলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার-সহ আরও বেশ কিছু বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিজেপির তরফে দাবী তোলা হয় যে শহিদ সম্মান যাত্রাতে বাধা দেয় রাজ্য পুলিশ। দলীয় সূত্রের খবর, এদিন শহিদ সম্মান যাত্রা শুরুর আগে বিরাটির গৌরীপুর কালিবাড়িতে পুজো দিতে আসেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শান্তনু ঠাকুর। এই কারণে বিজেপি কর্মীরা আগের থেকেই সেখানে জমা হয়েছিলেন। কিন্তু অভিযোগ, শান্তনু ঠাকুর পৌঁছনোর আগেই বিজেপি কর্মীদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- ‘গণতন্ত্র মানে কী রাস্তায় জামা কাপড় খুলে হাঁটার অধিকার?’ ত্রিপুরা প্রসঙ্গে তৃণমূলের প্রশ্নবাণ দিলীপের

এই ঘটনার কথা জানতে পেরেই বিরাটিতে অবস্থান বিক্ষোভে বসে পড়েন শান্তনু ঠাকুর। সমর্থকদের তাঁর সঙ্গে যাওয়ার দাবীতে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর ভাই সুব্রত ঠাকুরও ছিলেন তাঁর সঙ্গে।

পুলিশ বিজেপি সাংসদের সঙ্গে তাঁর কর্মীদের কর্মসূচিতে যেতে বাধা দেয়। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। এরপর বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- আফগানিস্তানে শোচনীয় হিন্দুদের অবস্থা, তালিবানদের হাতে বলি হচ্ছে একের পর এক হিন্দু ধর্মাবলম্বী মানুষ

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সেই সময় নিজেই পুলিশ ভ্যানে উঠে পড়েন শান্তনু ঠাকুর। তাঁর দাবী, বিজেপি কর্মীদের গ্রেফতার করা মানেই তাঁকেও গ্রেফতার করা। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানায় নিয়ে যায় বলে খবর। তবে শুধু দক্ষিণবঙ্গই নয়, এদিন বিজেপির শহিদ সম্মান যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তরবঙ্গেও।

RELATED Articles