অন্যের হয়ে পরীক্ষা দিলেই নগদ ৪০ হাজার টাকা, সঙ্গে থাকা-খাওয়া ফ্রি, শহরে বাড়ছে ডামি পরীক্ষার্থীর সংখ্যা, আশঙ্কায় পুলিশ

ডামি সেজে পরীক্ষা দিলেই মিলছে কড়কড়ে ৪০ হাজার টাকা, স্মঙ্গে আবার কলকাতায় থাকা, খাওয়া, ঘোরা সব ফ্রি। এমন টোপেই পা দিয়ে ভুয়ো পরীক্ষার্থী সেজে পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিতে এসেছিলেন একাধিক পরীক্ষার্থী। নিউ মার্কেট, ভবানীপুর, বালিগঞ্জের একাধিক পরীক্ষা কেন্দ্র করে ৯জন ডামি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ৯ জনকে গ্রেফতার করে পুলিশ যে তথ্য পেয়েছে, তাতে হতবাক হয়েছেন পুলিশ কর্মীরা। ধৃতদের থেকে জানা গিয়েছে, বাংলার কিছু চাকরির পরীক্ষামূলক কোচিং সেন্টারের সঙ্গে যোগসাজশ রয়েছে ঝাড়খণ্ড, বিহারের কিছু কোচিং সেন্টারের। পরীক্ষায় না বসেই অনেকেই চাকরি পেতে চায়।

জানা গিয়েছে, সংশ্লিষ্ট কোচিং সেন্টারগুলি এমন পরীক্ষার্থীদের কাছ থেকে ২ থেকে ৩ লক্ষ টাকার চুক্তি করে। এর বিনিময়ে ঝাড়খন্ড, বিহারের কোচিং সেন্টারের মাধ্যমে বাছাই করা ডামি পরীক্ষার্থীদের নগদ ৪০ হাজার টাকার বিনিময়ে আনা হয়। পুলিশ জেরা করে জানতে পেরেছে যে এই কার্যকলাপ দীর্ঘদিন ধরেই চলছে। ধৃতদের জেরা করে এই চক্রের বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

নিউ মার্কেট এলাকার পরীক্ষাকেন্দ্র থেকে ধরা পড়ে। রুবি কুমারী ও পুনম কুমারী। তাদের জেরা করে জানা গিয়েছে, তারা আসলে ঝাড়খণ্ডের কোডারমার বাসিন্দা। হাজারিবাগের কলেজে পড়ুয়া তারা। রুবি অঙ্কে অনার্স ও পুনম অর্থনীতিতে অনার্স। তারা এখানে মেসে থেকে চাকরির জন‌্য নানান পরীক্ষা দিতেন। নিজেরা টিউশনিও করতেন। চাকরির পরীক্ষায় পাশ করার জন‌্য তারা কোচিংয়েও পড়তে যেতেন।

দুই তরুণী জানিয়েছেন, ওই কোচিং সেন্টারেই তাদের সঙ্গে এজেন্টদের পরিচয় হয়। তারাই প্রস্তাব দেয় যে কলকাতায় গিয়ে পরীক্ষা দিলে ন‌্য একেকজনকে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে। ওই টাকায় তাদের হাজারিবাগে বেশ কিছুদিন থাকা ও পড়াশোনার খরচ হয়ে যেতে পারে। সেই কারণেই তারা সেই প্রস্তাবে রাজি হয়ে কলকাতায় চলে আসে। তবে পরীক্ষা দিতে এসে আঙুলের ছাপ না মেলায় তাদের গ্রেফতার করে পুলিশ। ডামি পরীক্ষার্থী চক্রের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন এজেন্টের নাম পেয়েছে পুলিশ। মূলচক্রীদের ধরার চেষ্টা করা হচ্ছে।  

RELATED Articles