জোড়া ঘটনা লেকটাউনে! শব্দবাজির প্রতিবাদ করে মার খেল খোদ পুলিশই, অন্যদিকে স্ত্রী-র শ্লীলতাহানির প্রতিবাদ করায় বেধড়ক মারধর স্বামীকে

যত কাণ্ড যেন লেকটাউনে! দুটি পৃথক ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় মার খেতে হল খোদ পুলিশকেই। অন্যদিকে, স্ত্রীর দিকে ধেয়ে আসা কটূক্তি ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় বেধড়ক মার খেতে হল স্বামীকে।

জানা গিয়েছে, গতকাল, রবিবার রাতে লেকটাউনে ভিআইপি রোডের কাছে বিসর্জন ঘাটে কয়েকজন যুবক নিষিদ্ধ শব্দবাজি ফাটাচ্ছিল। সেকথা জানতে পেরে ঘটনাস্থলে যায় পুলিশ। বাজি ফাটানোয় বাধা দিতে গেলে পুলিশকর্মীদের উপরেই চড়াও হয় একদল যুবক। মারধর করা হয় পুলিশ কর্মীদের। এরপর ঘটনাস্থল থেকে পালায় যুবকরা।

তবে পালিয়ে কোনও লাভ হয়নি। পুলিশ ধরে ফেলে তাদের। তিনজনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়। পুলিশ এই তিনজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বলে খবর। সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়া-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আজ, সোমবার আদালতে তোলা হবে তাদের।

আবার অন্যদিকে আরও একটি ঘটনা ঘটে এই বিসর্জন ঘাটেই। সেখানে এক মহিলাকে কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কালীপুজোর আলো খোলা নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বচসা বাঁধে এক মহিলা ও তাঁর স্বামীর। অভিযোগ, সেই সময় মহিলাকে কটূক্তি করা হয়। মহিলার গোপনাঙ্গ নিয়ে অশ্লীল মন্তব্য করে যুবকরা।

সেই ঘটনার প্রতিবাদ করেন স্বামী। সেই সময় তাঁকে বেধড়ক মারধর করে ওই যুবকরা। স্বামীকে বাঁচাতে যান মহিলা। সেই সময় তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। সেই সময় লেকটাউনে টহল দিচ্ছিলেন কয়েকজন পুলিশকর্মী। তারা ঘটনা দেখতে পেয়ে সেখানে যান ও দুই যুবককে গ্রেফতার করেন। বাকিরা পালায়। তাদের খোঁজ করা হচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ ভোটের টিকিট ও চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের পিএ-র বিরুদ্ধে

মহিলা ও তাঁর স্বামীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শারীরিক পরীক্ষা করানো হয় তাদের। আপাতত স্থিতিশীল রয়েছেন ওই দম্পতি। ধৃতদের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ধৃতদেরও সোমবার আদালতে তোলা হবে বলে খবর।

RELATED Articles