কয়লা-গরু নয়, এবার হাতির দাঁত পাচারের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, পুলিশের জালে শাসক দলের নেতা

এর আগে নানান তৃণমূল নেতাদের বিরুদ্ধে কয়লা, গরু, চাকরি চুরির অভিযোগ উঠেছে। তা নিয়ে বিতর্কও হয়েছে ঢের। কম অস্বস্তিতে পড়তে হয়নি ঘাসফুল শিবিরকে। এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল হাতির দাঁত পাচারের অভিযোগ। আর সেই অভিযোগে গ্রেফতারও হলেন শাসক দলের নেতা।

জানা গিয়েছে, ওই তৃণমূল নেতার নাম অশোক ওঝা। কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের নেতা তিনি। তাঁর আদিবাড়ি বিহারের বক্সা জেলার ব্রহ্মপুর থানার দেউকুলি গ্রামে। সূত্রের খবর, আজ, মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ওই তৃণমূল নেতার বাড়ি হানা দেয় পুলিশ। সঙ্গে অভিযান চালায় বন দফতরও।

তৃণমূল নেতার বাড়ি থেকে প্রায় ৪০ কেজি ওজনের ২টি হাতির দাঁত পাওয়া গিয়েছে বলে খবর। ওই দাঁতগুলি বাজেয়াপ্ত করেছেন বন দফতরের আধিকারিকরা। তৃণমূল নেতাকে গ্রেফতার করে তাঁকে জেরা করে পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে বলে খবর।

এই বিষয়ে জানাজানি হতে মাঠে নেমে পড়েছে বিরোধীরা। তৃণমূলকে তীব্র কটাক্ষ শানিয়েছে গেরুয়া শিবির। কলকাতা পুরসভার কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ একটি পোস্ট করে লিখেছেন, “তৃণমূলের নতুন বিরাপ্পান, এতদিন ওরা বালি, কয়লা,গরু, চাকরি চুরি করত> এখন ওরা হাতির দাঁতে স্মাগলিং এও সিদ্ধ হস্ত l বিহার পুলিশের হাতে গ্রেফতার হওয়া অশোক ওঝা তৃণমূলের ব্লক সভাপতি ৪২ নম্বর ওয়ার্ড কলকাতা”।

আরও পড়ুনঃ ওয়াকফ বিল নিয়ে ধুন্ধুমার! যৌথ সংসদীয় কমিটির বৈঠক চলাকালীন অভিজিৎ-কল্যাণের হাতাহাতি, মারামারি, তুলকালাম পরিস্থিতি

প্রসঙ্গত, এই অশোক ওঝা আসলে জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার ডান হাত বলে পরিচিত। দলের হিন্দি সেলের সহ সভাপতিও ছিলেন এই অশোক। বড়বাজারে তাঁকে একডাকে সবাই চেনে। তিনি এই হাতির দাঁতগুলি কোথায় পাচার করতেন বা এই চক্রের সঙ্গে আরও কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে হাতি পাচারে দলের নেতার গ্রেফতারিতে বেশ অস্বস্তিতে তৃণমূল। এখনও পর্যন্ত ঘাসফুল শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এই বিষয়ে।

RELATED Articles