জমি দখলের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভের চাপে অবশেষে গ্রেফতার করা হল বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতিকে

অনেক টালবাহানার পর অবশেষে গ্রেফতার করা হল সন্দেশখালির বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতিকে। গতকাল, রবিবার রাতভর জেরার পর আজ, সোমবার ভোরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। অজিত মাইতির বিরুদ্ধে জমি লুট, জোর করে জমি দখল করে নেওয়ার অভিযোগ তোলে স্থানীয়রা। স্থানীয়দের চাপে পড়ে আটক করা হয় অজিত মাইতিকে। এরপর গ্রেফতার।

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান, তার ভাই সিরাজ ও অজিত মাইতির বিরুদ্ধে ক্ষোভ বর্ষণ করেন স্থানীয়রা। অজিত মাইতি অঞ্চল সভাপতির পদ পেয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, শাহজাহানের প্রভাবকে কাজে লাগিয়ে অজিত মাইতি একের পর এক জমি দখল করেছে তাদের। এমনকি, স্থানীয়দের ভয় দেখিয়ে অনৈতিক কাজকর্মও করতেন তিনি, এমনটাও অভিযোগ।

স্থানীয়দের দাবী, পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয় নি। এই নিয়ে গত শুক্রবার অজিত মাইতির বিরুদ্ধে জনরোষ গড়ে তোলেন স্থানীয়রা। তারা হাতে লাঠি, ঝাঁটা নিয়ে প্রতিবাদ জানান। তাঁর বাড়ির একাংশে আগুনও ধরিয়ে দেন। জুতোপেটা করা হয় তাকে।

সেদিন অজিত মাইতি পালিয়ে বাঁচলেও গতকাল, রবিবার ফের স্থানীয়দের রোষের মুখে পড়েন তিনি। তাঁকে স্থানীয়রা ধাওয়া করে। সেই সময় তাড়া খেয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়ি লুকিয়ে পড়েন অজিত মাইতি। তিনি মেনেও নেন যে তাঁর এলাকায় দুর্নীতি হয়েছে। এরপর ওই বাড়ির সামনে ক্ষোভ জারি করেন স্থানীয়রা। পুলিশ আটক করে তাঁকে। এরপর রাতভর জেরার পর আজ সকালে গ্রেফতার করা হয় অজিত মাইতিকে।  

অজিত মাইতির কথায়, “২০১৯ সালে বিজেপি করতাম। তখন শাসকদলের লোকজন মারধর করে শাসকদলে যোগদান করতে বাধ্য করে”।

অন্যদিকে আবার তৃণমূলের তরফে দাবী করা গতকালই তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছে দল। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “অজিত মাইতিকে আগেই সরিয়ে দিয়েছি। উনি কোনও কালেই অঞ্চল সভাপতি ছিলেন না”।

RELATED Articles