Mamata Banerjee : ট্যাক্সের নামে পুলিশ আদায় করে টাকা!’ প্রকাশ্য সভায় অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড় প্রশাসন !

আজকের দিনে দাঁড়িয়ে ছোট ব্যবসায়ীরা চরম চাপে। একদিকে বিশ্ববাজারের ওঠানামা, অন্যদিকে রোজকার খরচ বৃদ্ধির কারণে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ব্যবসা। বাজারে টিকে থাকতে গিয়ে যেমন লড়াই করতে হচ্ছে বড় সংস্থাগুলির সঙ্গে, তেমনই প্রশাসনিক জটিলতাও অনেক সময় হয়ে উঠছে মাথাব্যথার কারণ। ছোট ব্যবসায়ীদের অভিযোগ, যত না প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন, তার চেয়ে বেশি পিছিয়ে পড়ছেন অপ্রয়োজনীয় খরচ ও হয়রানির জন্য।

গাড়ি ভাড়া, টোল ট্যাক্স, জিএসটি—এসব তো আছেই, কিন্তু এর বাইরেও আছে আরও কিছু চোখে না পড়া খরচ। অনেক ছোট ব্যবসায়ীই বলেন, রাস্তায় বেরোলেই পুলিশের কাছ থেকে অকারণে টাকাপয়সা দিতে হয়। না দিলে নানারকম ভাবে বাধা দেওয়া হয়, কাগজপত্র দেখতে চাওয়া, দেরি করানো—এসব নিত্যনৈমিত্তিক সমস্যা। অথচ এই সমস্ত খরচ কোথাও লিখিত থাকে না। বড় সংস্থাগুলি যেখানে একশো টাকায় কাজ সারতে পারে, সেখানে ছোট ব্যবসায়ীদের জন্য সেই খরচ হয়ে দাঁড়ায় পাঁচশো টাকা। ফলে ব্যবসা করা একপ্রকার অসম্ভব হয়ে উঠছে।

শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত হয়েছিল ‘নর্থবেঙ্গল বিজনেস মিট-২০২৫’। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিল্পপতিরা ও ছোট ব্যবসায়ীরা। সভায় নিজের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন এক ছোট ব্যবসায়ী। বলেন, “রাস্তায় নেমেই হয়রানি শুরু হয়। টোল ট্যাক্স, জিএসটি তো আছেই, কিন্তু পুলিশের কাছ থেকেও টাকা দিতে হয়। ফলে আমাদের খরচ বাড়ছে, ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে।”

এই কথার পরেই মুখ্যমন্ত্রী সোজাসাপ্টা জানান, “টোল ট্যাক্স আর জিএসটি তো কেন্দ্রীয় সরকারের বিষয়। এখন তো একটাই ট্যাক্স চলছে। আগে রাজ্য নিত, তখন আমি কিছু করতে পারতাম। তবে আমরা কেন্দ্রকে অনুরোধ করতে পারি, যাতে ছোট ব্যবসায়ীদের কিছু ছাড় দেওয়া যায়।” এরপরই মূল মন্তব্যটি করেন তিনি। বলেন, “তবে পুলিশ যাতে কোনও ট্যাক্স না নেয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের। আমি সেই দিকটা দেখব।”

আরও পড়ুনঃ Kunal Ghosh : আদালতে আইনজীবীদের হেনস্থা, কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি! আদালতের প্রশ্ন– “নির্দেশ মানা হল না কেন?”

মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের পুলিশমন্ত্রী। অতীতে একাধিকবার পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এবারও সামনে এল সেই একই অভিযোগ। পুলিশের নামে টাকা তোলা, রাস্তায় হয়রানি—সবই মুখ্যমন্ত্রীর কানে তুলে দিলেন এক ব্যবসায়ী। আর সেই অভিযোগেই প্রকাশ্যে পুলিশের উদ্দেশে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের নাম করে কোনওরকম ট্যাক্স আদায়ের চেষ্টা যেন না হয়, তার দায়িত্ব যে পুলিশেরই, তা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। ব্যবসায়ীদের আশ্বাস দিলেন সমস্যা সমাধানে তিনি পাশে থাকবেন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles