চিকিৎসকদের অনশনকে সমর্থন করে প্রতিবাদী ব্যাজ পরে পুজো কার্নিভালে ডিউটি পুরসভার চিকিৎসকের, আটক পুলিশের

আর জি কর কাণ্ডের ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের সমর্থন করছেন নাগরিক সমাজ। নানান বিশিষ্ট মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ যোগ দিয়েছেন তাদের এই প্রতিবাদে। প্রতীকী অনশন করছেন সরকারি, বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। এবার এই অনশনকে সমর্থন করায় আটক করা হল এক চিকিৎসককে।   

জানা গিয়েছে, ওই চিকিৎসকের নাম তপোব্রত রায়। তিনি পুরসভার চিকিৎসক। আজ, মঙ্গলবার পুজোর কার্নিভালে এমারজেন্সি ডিউটির জন্য পুরসভার মেডিক্যাল টিমের হয়ে সেখানে উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকেই পুলিশ তাঁকে আটক করে ময়দান থানায় নিয়ে যায় বলে অভিযোগ। ওই চিকিৎসকের বুকে ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ ছিল। সেই ব্যাজ দেখার পরই পুলিশ তাঁকে আটক করেছে বলে অভিযোগ।

পুজোর কার্নিভালে মেডিক্যাল পরিষেবা দেওয়ার জন্য কলকাতা পুরসভার যে টিম গিয়েছে, সেই প্রতিনিধি দলেই ছিলেন তপোব্রত রায় নামের ওই চিকিৎসক। তাঁর বুকে ছিল প্রতীকী অনশনকারী ব্যাজ আর পরনে ছিল ‘শিরদাঁড়া’ লেখা একটি টি-শার্ট। তা চোখে পড়ার পরই ওই চিকিৎসককে আটক করে পুলিশ।

এই ঘটনায় ক্ষোভ উগড়ে দেন আন্দোলনরত চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “আমরণ অশনকারীদের পাশে থাকতে তপোব্রত প্রতীকী অনশনকারী লেখা ব্যাজ বুকে লাগিয়েছিল। তাঁকে আটক করা হয়েছে। এভাবে আন্দোলন দমন করা যাবে না”। এই ঘটনায় সরব আইএমএ-ও। সিনিয়র চিকিৎসকরা থানায় গিয়েছিলেন। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ এখনও তপোব্রত রায়কে ছাড়েনি।

অবিলম্বে ওই চিকিৎসককে ছেড়ে দেওয়ার দাবী তোলা হয়েছে চিকিৎসকদের তরফে। এই ঘটনায় ক্ষুব্ধ পুর-চিকিৎসকদের একাংশও। জানা গিয়েছে, আটক করা চিকিৎসকের ফোন কেড়ে নেওয়া হতেছে। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দ্রুত যদি ওই চিকিৎসককে না ছাড়া হয়, তাহলে ময়দান থানার সামনে বিক্ষোভের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ জুনিয়র চিকিৎসকদের মানববন্ধনে বাধা পুলিশের, ডিসি সেন্ট্রালকে ঘিরে বিক্ষোভ আমজনতার, উঠল ‘গো ব্যাক’ স্লোগান, উত্তেজনা রাজপথে

বলে রাখি, গত ৫ অক্টোবর থেকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। প্রথমে ৬ জন শুরু করেন। তারপর আরও একজন যোগ দেন। ইতিমধ্যেই অনশনের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪ চিকিৎসক। আজ থেকে আরও ২ চিকিৎসক এই অনশনে যোগ দিয়েছেন। যারা অনশন করছেন তাদের বুকে ‘অনশনকারী’ লেখা ব্যাজ রয়েছে। আর যারা এই অনশন সমর্থন করছেন, তারাও ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ পরছেন। সেই ব্যাজ থাকার কারণেই এবার আটক করা হল এক চিকিৎসককে।    

আরও অন্যান্য খবর