শাহজাহানকে গ্রেফতার করতে হবে। তা না হলে অবস্থান বিক্ষোভ উঠবে না। এই দাবী জানিয়েই এদিন সন্দেশখালি থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই বিক্ষোভের মাঝেই তাঁকে আটক করল সন্দেশখালি থানার পুলিশ।
কী ঘটেছিল ঘটনাটি?
এর আগে সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছিলেন সুকান্ত মজুমদার। পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে অসুস্থ হয়ে তিনদিন হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। সেই ঘটনার ৯ দিন পর আজ, বৃহস্পতিবার ফের সন্দেশখালি যান সুকান্ত। যদিও এদিন তাঁকে পুলিশ আটকায় ধামাখালিতে। তাঁকে বলা হয়, তিনি একা সন্দেশখালি যেতে পারেন। কাউকে সঙ্গে নেওয়া যাবে না। জেলা বিজেপি সভাপতিকে নিয়ে যেতে চেয়েছিলেন সুকান্ত। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয় নি।
এরপর সন্দেশখালি গিয়ে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। এরপর সন্দেশখালি থানায় যান। তবে তাঁকে থানায় ঢোকার অনুমতি দেয় নি পুলিশ। এরপরই থানার বাইরে বসে অবস্থান বিক্ষোভ করেন তিনি। হুঁশিয়ারি দেন, শাহজাহান গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি বিক্ষোভ চালিয়ে যাবেন।
এমন অবস্থায় পুলিশের তরফে হুঁশিয়ারি দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। বলা হয়, ৫ মিনিটের মধ্যে বিক্ষোভ তুলে না নিলে কড়া পদক্ষেপ করা হবে। কিন্তু তা মেনে নেন নি সুকান্ত। এরপরই থানার ভিতর থেকে বেরিয়ে আসে বিশাল পুলিশ বাহিনী আর আটক করে সুকান্ত মজুমদারকে।
সুকান্ত ও বিজেপির কর্মী-সমর্থকদের টেনেহিঁচড়ে টোটোয় তুলে ধামাখালি ঘাটের দিকে নিয়ে যায় পুলিশ। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স ও র্যাফ। পুলিশি বোটে তোলা হয় তাদের। এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমের উদ্দেশে বলতে থাকেন, “দেখুন কীভাবে পুলিশ আমাকে ধাক্কা দিয়ে, টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কীভাবে আমাকে গ্রেফতার করছে দেখুন”।






