Police slaps protester: “পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো!” — ধর্মঘটে চড়-গ্রেফতারির পর পুলিশকে ঘিরে বামেদের বিস্ফোরক স্লোগান!

ধর্মঘট বা বনধ—এই শব্দগুলি বাংলার রাজনীতিতে নতুন নয়। রাস্তায় দাঁড়িয়ে স্লোগান তোলা, জনসাধারণকে ডেকে বোঝানো—এসব বরাবরই ঘটে এসেছে রাজনৈতিক দলগুলির ডাকে। কিন্তু সম্প্রতি একটি ঘটনার ভিডিও এবং বিবরণ প্রশ্ন তুলে দিল, আজকের দিনে প্রশাসনের ভূমিকাই কি সবচেয়ে বেশি বিতর্কিত? যেখানে আন্দোলনের জবাবে উত্তেজনা নয়, বরং আইনরক্ষকদের হাতেই নেমে এল শারীরিক নিপীড়ন!

বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয়রা। ভারত বনধের সমর্থনে রাস্তায় পিকেটিং করছিলেন সিপিএম কর্মী-সমর্থকরা। সেই সময় বংশীহারী থানার আইসি অসীম গোপের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সিপিএম নেতা মাজেদার রহমান। অভিযোগ, দীর্ঘক্ষণ আন্দোলন চলায় অসন্তুষ্ট আইসি তাঁকে বলেন, “গরম দেখাচ্ছেন?” আর সেই কথার পরই সপাটে এক চড় বসিয়ে দেন মাজেদারের গালে।

চড় মারার পরও থামেননি থানার আইসি। তিনি সোজাসুজি বলেন, “ফাজলামো হচ্ছে। দাদাগিরি চলবে না। গরম চলবে না।” উত্তরে আন্দোলনকারীরা দাবি করেন, “আমরা কেউ দাদাগিরি করিনি।” তবুও ওই সিপিএম নেতাকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। বামপন্থীরা স্লোগান দিতে থাকেন— “পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো।” শুরু হয় পুলিশের ভূমিকা নিয়ে সরব প্রতিবাদ।

ঘটনার পর সিপিআইএম বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক বাবলুচন্দ্র দে জানান, “আমরা শান্তিপূর্ণভাবে মানুষকে ধর্মঘটের কারণ ব্যাখ্যা করছিলাম। তার মধ্যেই এমন ঘটনা! পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে বলেই মনে হচ্ছে।” তিনি আরও বলেন, “অনুব্রত মণ্ডলদের মতো ব্যক্তিত্ব পুলিশকে গালাগালি করে ছাড় পেয়ে যায়, আর এখানে একজন সাধারণ নেতা চড় খাচ্ছেন! আমরা এসডিপিও ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেও নামব।”

আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ! যাত্রী-সহ নদীতে গাড়ি, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ৯ জনের

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একাংশ পুলিশি ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। তবে জেলা সিপিএম নেতৃত্ব জানিয়েছে, খুব শীঘ্রই আইসি-র বিরুদ্ধে অভিযোগ জানানো হবে। প্রশ্ন একটাই—বাংলার রাস্তায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে কি এবার থেকে চড় খাওয়াটাই নিয়ম?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles