ফের সন্দেশখালি যেতে বাধা বিজেপির মহিলা নেত্রীদের, পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি, মারধর, মহিলা নেত্রীদের টেনেহিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ

সন্দেশখালি নিয়ে উত্তেজনা কমছেই না রাজ্যে। ফের একবার সন্দেশখালি যেতে বাধা বিজেপির মহিলা মোর্চার নেত্রীদের। সন্দেশখালি যেতে গেলে তাদের আটকায় পুলিশ। শুরু হয় দু’পক্ষের মধ্যে ধ্বস্তাধস্তি, কথা কাটাকাটি। এরই মাঝে মহিলা নেত্রীদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ।

কী ঘটেছিল ঘটনাটি?

জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল-সহ ৫ নেত্রী ও কর্মীরা। নারী দিবসের আগে সন্দেশখালির নির্যাতিতাদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়েছিলেন তারা। সেই কারণেই সন্দেশখালি যাওয়া তাদের।

কিন্তু তাদের যাওয়ার পথে নিউটাউনেই পুলিশের বাধার মুখে পড়েন বিজেপির মহিলা নেত্রীরা। বিশ্ব বাংলা গেটের সামনেই আটকে দেওয়া হয় তাদের। এর জেরে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। এরপরই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান লকেট চট্টোপাধ্যায়, ভারতী ঘোষ, অগ্নিমিত্রা পালরা।

এরই মাঝে এক পুলিশ কর্তা অগ্নিমিত্রা পালকে ডেকে নিয়ে যান। সেই সময় অগ্নিমিত্রা প্রশ্ন করেন, “কী কারণে আমাদের আটকানো হচ্ছে। অর্ডার কপি দেখান। যদি অর্ডার কপিই না দেখাতে পারেন, তাহলে কীসের ভিত্তিতে আটকাচ্ছেন”।

লকেট চট্টোপাধ্যায়ের কথায়, “আসলে সরকার পুলিশ ভয় পেয়ে গিয়েছে। বাংলার বহু সন্দেশখালি রয়েছে। ওরা মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা কী কোনও অন্যায় করেছি? এখনও ১৪৪ ধারা জারি থাকার কোনও কাগজ দেখাতে পারেনি”। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অগ্নিমিত্রা পালকে আটক করে পুলিশ। মহিলা কর্মীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

প্রসঙ্গত, এটাই প্রথমবার নয়। এর আগেও সন্দেশখালি যেতে গিয়ে একাধিকবার বাধার মুখে পড়েছে বিজেপি। বাধা দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র ও মহিলা মোর্চার নেত্রীদের। প্রতিবারই ১৪৪ ধারার কারণ দর্শিয়ে আটকানো হয় তাদের। আজও এর অন্যথা হল না।  

RELATED Articles